দরপত্র ছাড়াই চলছে কাজ, নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোয়া বিছানো রাস্তাটি খুঁড়ে ফেলা হয়েছে৷ এরপর তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয়েছে কিছু নতুন খোয়া৷ সেগুলো সমান করার কাজ চলছে৷ এভাবে জোড়াতালি দিয়ে কাজ করা হচ্ছে ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের একটি রাস্তা৷ দরপত্র ছাড়াই কোটেশনের মাধ্যমে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কার করছে ঝিনাইদহের মহেশপুর পৌরসভা কর্তৃপক্ষ৷
এলাকাবাসী প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না৷ পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, কাজটি তাঁরা কোটেশনের মাধ্যমে করছেন৷
নিয়ম অনুযায়ী, দুই লাখ টাকার বেশির কোনো কাজ কোটেশনের মাধ্যমে করার নিয়ম নেই৷ সরেজমিনে দেখা গেছে, মহেশপুর শহরের পশু হাসপাতালের সামনে থেকে হামিদপুর সড়ক পর্যন্ত ৫০০-৬০০ মিটার রাস্তার কাজ চলছে৷ সেখানে কথা হয় শ্রমিকদের প্রধান নূর ইসলামের সঙ্গে৷ তিনি বলেন, পৌরসভার প্রকৌশলী তাঁকে কাজটি করার জন্য বলেছেন৷ তাঁরা প্রথমে পুরোনো রাস্তা খুঁড়ে নিয়েছেন৷ এরপর নির্দেশনা অনুযায়ী নতুন কিছু খোয়া বিছানো হয়েছে৷
পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, তাঁরা কোটেশনের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে কাজ করছেন৷ রুহুল আমিন নামের একজন ঠিকাদার কাজটি করছেন৷ এ কাজে মোট বরাদ্দ করা হয়েছে চার লাখ ৬০ হাজার টাকার মতো৷ এত টাকার কাজ কোটেশনের মাধ্যমে করার নিয়ম রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, জরুরি প্রয়োজনে কিছু কাজ করা যেতে পারে৷ কাজটি নিম্নমানের হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা সঠিক নিয়মে করার ব্যবস্থা করবেন তিনি৷
ঠিকাদার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে কাজটি সম্পর্কে কিছুই বলতে পারেননি৷ তবে তিনি দাবি করেছেন, কাজটি তিনিই করছেন৷
স্থানীয় একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের রাস্তা সংস্কারের ক্ষেত্রে প্রথমে খুঁড়ে ফেলে খোয়া সরিয়ে ফেলতে হবে৷ এরপর বালি বিছিয়ে তার ওপর নতুন-পুরোনো মিলিয়ে ছয় ইঞ্চি পুরু খোয়া বিছাতে হবে৷ এরপর রোলার দিয়ে সমান করার পর চার ইঞ্চি থাকবে৷ কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ এর কোনো কিছুই না করে জোড়াতালি দিয়ে রাস্তাটি সংস্কার করছে৷
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, যেনতেনভাবে রাস্তা সংস্কারের বিষয়ে তাঁরা প্রতিবাদ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি৷ পৌরসভা কাজটি দরপত্রের মাধ্যমে করলে ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিতে পারত৷
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর হজ্জেল হক বলেন, ওই রাস্তার কাজ করার জন্য পৌরসভার কোনো সভায় অনুমোদন নেওয়া হয়নি৷ মেয়র আমিরুল ইসলাম খান বলেন, রাস্তাটি জরুির ভিত্তিতে সংস্কার করার প্রয়োজন ছিল৷ তাই কোটেশনের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে করা হয়েছে৷ কাজটি যাতে ভালো হয়, সে বিষয়টি তিনি দেখবেন৷