দরপত্র ছাড়াই চট্টগ্রাম বন্দরের ছয় জেটির কনটেইনার ওঠানো-নামানোর কাজ ছয় বার্থ অপারেটরকে দেওয়ার অনুমোদন দিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ! গতকাল সোমবার পাঠানো চিঠিতে সংসদীয় কমিটি এবং নৌপরিবহনমন্ত্রীর এ সংক্রান্ত মৌখিক নির্দেশনার বিষয়টি তুলে ধরা হয়। বন্দর সূত্র জানায়, ৩৬৮ টাকা দরে প্রতিটি কনটেইনার ওঠানা-নামানোর জন্য তাদের কাজ দিতে মন্ত্রণালয়ে এ চিঠি দেওয়া হয়। এ হিসেবে কাজ দেওয়া হলে কনটেইনারপ্রতি বন্দরের বাড়তি ব্যয় হবে ২২৪ টাকা। বন্দরের হিসাব অনুযায়ী প্রতি মাসে ৪৬ হাজার বক্স কনটেইনার ওঠানো-নামানো হয়। এ হিসাবে দ্বিতীয় দরপত্রের দর অনুযায়ী প্রতি মাসে মোট ব্যয় হবে এক কোটি টাকা বেশি। নতুন করে দরপত্র আহ্বান এবং কার্যাদেশ দেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালে বার্থ অপারেটরদের কাজ করার অনুমোদন চাওয়া হয় চিঠিতে।জানা গেছে, এই ছয় জেটিতে দ্বিতীয় দফায় দরপত্রে প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোর সর্বনিম্ন দুটি দর ছিল যথাক্রমে ১৪৪ ও ১৫২ টাকা। আদালতের নিষেধাজ্ঞার কারণে এই দরপত্র মূল্যায়নের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।বন্দরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ ও বন্দরের সদস্যদের সভা শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে ছয় বার্থ অপারেটরকে ছয়টি জেটিতে বন্দরের প্রাক্কলিত দর অনুযায়ী কনটেইনার ওঠানো-নামানোর কাজ দেওয়ার অনুমোদন দিতে বলা হয়। বন্দরের প্রাক্কলিত দর হচ্ছে ৩৬৮ টাকা। এদিকে বার্থ অপারেটরদের কাজ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে জেনে দ্বিতীয় দরপত্রের দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা কসমস এন্টারপ্রাইজ গতকাল বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। চিঠিতে তারা সাময়িক ব্যবস্থায় কনটেইনারপ্রতি ১৫২ টাকা দরে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বন্দরের ছয়টি জেটি পরিচালনার দ্বিতীয় দফা দরপত্র মূল্যায়নের কাজ চলাকালে গত মঙ্গলবার আদালতে রিট করে বার্থ অপারেটর এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। দরপত্রে চট্টগ্রাম বন্দরের স্থলে যেকোনো সমুদ্রবন্দরের অভিজ্ঞতার শর্ত এবং রেগুলেশন ফর ওয়ার্কিং অব চিটাগাং পোর্ট-এর ৬৮ ও ৭৪ ধারা প্রতিপালন না করার অভিযোগে এ রিট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আদালত ৬৮ ও ৭৪ নম্বর ধারা প্রতিপালন না করে কোনো বার্থ অপারেটর নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেন। প্রসঙ্গত, আইনি বাধ্যবাধকতার কারণে গত ১০ মে থেকে বন্দরের নিজস্ব তত্ত্বাবধানে এ ছয়টি জেটি পরিচালনা হচ্ছে। বন্দরের একাধিক কর্মকর্তা বলেন, আদালতে রিট করা হলেও বন্দর কর্তৃপক্ষ আইনের আশ্রয় নেয়নি। বরং সংসদীয় কমিটি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দরপত্র ছাড়াই কনটেইনার ওঠানো-নামানোর কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।