দরপত্র ছাড়াই সেতু ভেঙে রড বিক্রি
মৌলভীবাজারের কমলগঞ্জে দরপত্র ছাড়াই পুরোনো একটি সেতু ভেঙে বিপুল পরিমাণ লোহার পাত ও রড বিক্রি করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের সঙ্গে মৌখিক আলোচনার মাধ্যমে এলজিইডির উপজেলা প্রকৌশলী সেতু ভেঙে লোহার পাত ও রড বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার একটি ওয়েল্ডিং কারখানা থেকে বিক্রি করা কিছু রড জব্দ করেছে পুলিশ।শুক্রবার কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের আদমপুর-কান্দিগাঁও-মাধবপুর সড়কের গাংনী সেতু এলাকায় কোনো শ্রমিককে পাওয়া যায়নি। তবে শ্রমিকেরা ১৫ দিন ধরে ব্রিটিশ আমলে নির্মিত এ সেতুর ওপরের ঢালাই ও একটি পিলার ভেঙে প্রায় ছয় টন লোহার পাত ও রড নিয়ে গেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সেতুর আরও পাঁচটি পিলারের অর্ধেক অংশ ভাঙা পড়ে আছে।ভাঙারি ব্যবসায়ী করিম শেখ বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কাছ থেকে চুক্তিমতে তিনি সেতুটি ভেঙে লোহার পাত ও রড নিচ্ছেন। তবে কত টাকায় কিনেছেন, তা তিনি বলতে রাজি হননি। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রায় চার বছর আগে বন্যায় গাংনী সেতুর পশ্চিমপাড়ের মাটি সরে গেলে সড়কটি প্রায় অব্যবহূত হয়ে পড়ে। পরে পুরোনো সেতুটি ভাঙা বা নতুন সেতু নির্মাণের কোনো দরপত্র হয়নি। তার পরও প্রভাব খাটিয়ে চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী পুরোনো এই সেতুটি ভেঙে রড বিক্রি করেছেন।খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে থানা পুলিশ আদমপুর বাজারের একটি ওয়েল্ডিং কারখানা থেকে ভাঙা সেতুর কিছু রড জব্দ করে।আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া বলেন, ‘অকেজো সেতু ভেঙে নতুন করে এখানে একটি সেতু নির্মাণের কথা চিন্তা করা হয়েছে। আর মৌখিক সিদ্ধান্তে সেতুটি ভাঙা হচ্ছে। আর এ দায়িত্ব পালন করছেন কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী।’কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম মোহাম্মদ মহিউদ্দীন বলেন, ‘ঘটনাস্থলে একটি নতুন সেতুর খুবই প্রয়োজন। সে জন্যই পুরোনো সেতু ভাঙা হচ্ছে। দ্রুত কাজ করার লক্ষ্যে দরপত্র ছাড়াই সেতুটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী জানান, পুরোনো সেতু ভাঙার বা সেখানে নতুন সেতু নির্মাণের কোনো দরপত্র হয়নি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।