দরপত্র ছাড়াই সড়কের ইট বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী পক্ষ কাপেরহাট-সুলতানী সড়কের প্রায় এক কিলোমিটার অংশের ইট তুলে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। ভাঙনকবলিত ওই সড়কের ইট বিক্রির জন্য উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কোনো দরপত্র আহ্বান করেনি বলে জানা গেছে।গত শনিবার সরেজমিন দেখা গেছে, সড়কের পূর্ব পাশের রামদাসপুর গ্রাম এলাকার প্রায় এক কিলোমিটার সড়কের ইট তুলে ইঞ্জিনের নৌকায় নেওয়া হচ্ছে। এ ছাড়া কাপেরহাট বাজারের ভবন ও বাজারের রাস্তার ইট তোলার কাজ চলছে।রামদাসপুর গ্রামের শাহ আলম খানের অভিযোগ, ২৪-২৫ জুলাই থেকে সাইদুল হক চৌধুরী ও তাঁর ভাই গোলাম কিবরিয়া চৌধুরী এসব ইট তুলে বিক্রি করছেন। এ পর্যন্ত প্রায় দেড় লাখ ইট বিক্রি করা হয়েছে। আরও এক লাখের মতো তুলে রাখা হয়েছে। একই অভিযোগ করেন গ্রামের আরও কয়েকজন। তবে সাইদুল হক চৌধুরী ও গোলাম কিবরিয়া চৌধুরী বলেন, চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর নির্দেশে ইটগুলো তুলে পরিষদে পাঠানো হচ্ছে। এখন তিনি কী করছেন, তা তাঁরা জানেন না।রেজাউল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সাইদুল হক চৌধুরী ও গোলাম কিবরিয়া চৌধুরী দরপত্রের মাধ্যমে ভাঙনকবলিত এলাকার ইটগুলো ক্রয় করেছেন। তাঁরাই তুলে বিক্রি করছেন।ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিউর রহমান ও উপজেলা প্রকৌশলী মো. ফোরকান শিকদার প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁরা জানেন না। ওই সড়কের ইট বিক্রির জন্য কোনো দরপত্রও আহ্বান করা হয়নি।