দরপত্র ছাড়াই ৩৫টি গাছ গোপনে বিক্রি
ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাগানের ৩৫টি বিভিন্ন প্রজাতির গাছ দরপত্র ছাড়াই গোপনে নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাছের ক্রেতা গত সোমবার বিকেলে গাছ কাটতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের আক্চা এলাকায় এলজিইডির একটি বাগানে কামরাঙা, জলপাইসহ বিভিন্ন প্রজাতির ৩৫টি গাছ মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। নির্বাহী প্রকৌশলী আরও গাছ লাগানোর জন্য মাটি পরীক্ষার অজুহাত দেখিয়ে গাছগুলো ফজলুর রহমানের কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। গত সোমবার বিকেলে কাঠ ব্যবসায়ী ফজলুর রহমান লোকজন নিয়ে ওই বাগানের তিনটি গাছ কাটেন। এ সময় এলাকার লোকজন তাঁদের কাছে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চান। এলজিইডি দরপত্র ছাড়াই গাছগুলো বিক্রি করেছে জানালে লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। পরে ফজলুর ওই এলাকা থেকে সরে আসেন। ফজলুর রহমান বলেন, ‘এলজিইডির বাগানের ৩৫টি গাছ কিনে কাটতে গিয়েছিলাম। তিনটি গাছ কাটার পর এলাকার লোকজন বাধা দিলে গাছ না কেটে ফিরে আসি।’ ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে সহকারী প্রকৌশলী সুজন কুমার কর জানান, আক্চা এলাকার লিচু বাগানে আম্রপালি জাতের আমগাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য ওই বাগানের মাটি পরীক্ষার জন্য কয়েকটি গাছ কাটা হয়েছে। দরপত্র ছাড়াই গাছ কাটার ব্যাপারে তিনি জানান, স্থানীয়ভাবে চাহিদা না থাকায় লাকড়ি হিসেবে দরপত্র ছাড়াই গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।