দরপত্র ছিনতাই বাক্সে কালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সামনে মঙ্গলবার এক ঠিকাদারের দরপত্র ছিনতাই হয়েছে। এ ছাড়া, দরপত্র জমা দেওয়ার বাক্সে কালো কালি ঢেলে দেওয়ায় একটি প্রতিষ্ঠানের তিনটি দরপত্র কালিতে লেপটে গেছে। পরে কোনো সমাধান ছাড়াই দরপত্র কার্যক্রম শেষ করা হয়েছে।ঠিকাদারদের অভিযোগ, কাজ পেতে ব্যর্থ হওয়ার আশঙ্কায় দরপত্র বাতিলের জন্য কোনো একটি চক্র দরপত্র ছিনতাই করে ও বাক্সে কালি ঢেলে দিয়েছে।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরের জন্য ওষুধসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী কিনতে গত ২৯ অক্টোবর দরপত্র আহ্বান করা হয়। ২২ নভেম্বর পর্যন্ত দরপত্র বিক্রি হয়। সাতটি গ্রুপের কাজের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ২৩৮ জন ঠিকাদার শিডিউল কেনেন। দরপত্র জমার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে একটি কাঠের বাক্স বসানো হয়। প্রতিদিন সকালে পুলিশি পাহারায় বাক্সটি কার্যালয়ের সামনে রাখা হয়। সন্ধ্যায় আবার তা ভেতরে রাখা হয়।মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ছিল দরপত্র জমা নেওয়ার শেষ সময়। এ জন্য সিভিল সার্জন কার্যালয়সহ জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ে আরও দুটি বাক্স বসানো হয়। সকাল থেকেই ঠিকাদারেরা তিনটি বাক্সে শান্তিপূর্ণভাবে দরপত্র জমা দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে গোপালগঞ্জের জেড এ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিএনজিচালিত অটোরিকশায় করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে আসেন। তিনি ছয়টি দরপত্র নিয়ে কার্যালয়ে ঢুকতে গেলে মোটরসাইকেলে থাকা একদল ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরেন। ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা দরপত্রগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টের পেয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এগিয়ে যান। ছিনতাইকারীরা দুটি দরপত্র ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় হট্টগোল বাধে। দরপত্রের বাক্সের কাছে গিয়ে বাক্সের তলা দিয়ে কালো কালি পড়তে দেখা যায়। নির্ধারিত সময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাক্সটি খোলা হয়। এ সময় বাক্সে থাকা উৎপল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের তিনটি খাম কালো কালিতে জড়ানো অবস্থায় পাওয়া যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দায়িত্বরত এসআই আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি সিভিল সার্জন কার্যালয়ের বাইরে ঘটেছে। তবু আমরা ঠিকাদারকে রক্ষার চেষ্টা করেছি। তবে, কালির ঘটনাটি আশ্চর্য হওয়ার মতো। ধারণা করা হচ্ছে, কেউ খামের মধ্য কালি ভরে দরপত্রের বাক্সে ফেলেছেন।’এ ব্যাপারে সিভিল সার্জন তাহসিন বেগম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বহু সতর্কতার মধ্যেও দুর্ঘটনাটি ঘটেছে। তিনটি বাক্সে ১৬৬টি দরপত্র পাওয়া গেছে। আমরা এখনো কোনো দরপত্র বাতিল করিনি। যে তিনটি খামে কালি লেপটে আছে, ওই তিনটি খামেই কালি দেওয়া ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’