দরপত্র জমা দিতে গিয়ে মার খেলেন লিঙ্গপ্রতিবন্ধীরা
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল সার্জারি রিক্যুজিট (এমএসআর) কার্যক্রমের আওতায় দরপত্র জমা দিতে গিয়ে লিঙ্গপ্রতিবন্ধীরা (হিজড়া) হামলার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দরপত্র বাক্স পাহারায় থাকা যুবকেরা এ হামলা চালায়। ঢাকার জাওয়ার ড্রাগ হাউস নামের একটি প্রতিষ্ঠান লিঙ্গপ্রতিবন্ধীদের ব্যবহার করে ওই দরপত্র ফেলার চেষ্টা করছিল বলে জানা গেছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, এমএসআর কার্যক্রমের আওতায় যেসব মালামাল সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়, স্থানীয় কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সেসব সরবরাহের যোগ্যতা নেই। গত আগস্টে এ দরপত্র আহ্বান করা হয়। সংশোধনী বিজ্ঞপ্তি অনুযায়ী দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত। গতকাল ২৭টি দরপত্র জমা পড়ে।
দরপত্র জমা দিতে আসা জয়নাল আবেদিন নামের এক ঠিকাদার জানান, দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার জাওয়ার ড্রাগ হাউসের পক্ষ থেকে একটি মাইক্রোবাস ভরে একদল লিঙ্গপ্রতিবন্ধী আসেন। তাঁরা কয়েকটি দরপত্র বাক্সে ফেলার পরপরই ওই বাক্স পাহারায় থাকা যুবকেরা তাঁদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা তাঁদের মাইক্রোবাসের চালককেও মারধর করে তাঁকেসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে।
মাইক্রোবাসের চালক শাহিনুর রহমান বলেন, ‘হিজড়াদের মারধর করার সময় তাঁকেও মারধর করে হামলাকারীরা। পরে তারা আমাকে দিয়ে গাড়িটি চালিয়ে নেয়। তারা আমার সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স ও টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ দেখে গাড়ি ফেলে তারা পালিয়ে যায়।’
জাওয়ার ড্রাগ হাউসের দিনাজপুরের ঠিকাদার রবিউল আউয়াল বলেন, ‘দরপত্র জমা দেওয়ার আগে স্থানীয় কিছু যুবক আমাদের সঙ্গে মধ্যস্থতা করার চেষ্টা করে। কিন্তু আমরা সম্মত না হওয়ায় তারা দরপত্র জমা দিতে দেবে না বলে হুমকি দিয়েছিল। তাই বাধা এড়াতে হিজড়াদের দিয়ে দরপত্র জমা দেওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম, হিজড়া দেখে কেউ আর আগাবে না। কিন্তু যুবকেরা তাদেরও মারধর করবে, বুঝতে পারিনি।’
লিঙ্গপ্রতিবন্ধী ঝর্ণা বেগম বলেন, ‘বিনা কারণে আমাদের মারধর করা হয়েছে। যারা আমাদের গায়ে হাত দিয়েছে, আল্লাহ তাদের বিচার করবে।’ হামলার ঘটনায় পাঁচ লিঙ্গপ্রতিবন্ধী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তদন্ত করে মালিকের কাছে মাইক্রোবাসটি ফিরিয়ে দেওয়া হবে।
সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার জানান, দরপত্র জমা দিতে এসে হামলার কোনো খবর তাঁর জানা নেই।