দরপত্র জমা দিতে গিয়ে মারধরের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে রাখা বাক্সে গতকাল মঙ্গলবার দরপত্র জমা দিতে গিয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই সময় ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেও ছেড়ে দেয়।ওই চার নেতা-কর্মী হলেন: রাঙামাটি শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল ও সাধারণ সম্পাদক রাশেদ এবং সদস্য রেজোয়ান ও সুমন।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, তাঁদের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। তাই ছেড়ে দেওয়া হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান এআরএম ইঞ্জিনিয়ার্সের প্রতিনিধি মো. শাহজাহান জানান, গণপূর্ত বিভাগের প্রায় এক কোটি ২৫ লাখ টাকার ‘নির্বাচন কমিশনের আওতায় সার্ভার স্টেশন ভবন নির্মাণ’ কাজের দরপত্র জমা দিতে সকালে তিনি চট্টগ্রাম থেকে রাঙামাটি আসেন। বেলা ১১টার দিকে তিনি এসপির কার্যালয়ে রাখা বাক্সে দরপত্র ফেলতে যান। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁকে ঘিরে ধরে নাজেহাল করেন এবং দরপত্রের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করে।মো. শাহজাহান জানান, পরে তিনি দরপত্রের ছেঁড়া পাতাগুলো জোড়া দিয়ে বাক্সে ফেলেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা এসপির কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় তাঁরা ভয়ে দরপত্র জমা দিতে যাননি।প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের কর্মীরা সকাল থেকে এসপির কার্যালয়ের সামনের বিভিন্ন দোকানে অবস্থান নেন। মো. শাহজাহান সেখানে পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় কয়েকজন তাঁকে কিলঘুষি মেরে দরপত্রের প্যাকেট কেড়ে নেন। একপর্যায়ে পুলিশ দৌড়ে এসে শাহজাহানকে উদ্ধার করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে পুলিশ চারজনকে ধরে এসপির কার্যালয়ের ভেতরে নিয়ে যায়।সূত্র জানায়, এ খবর জানাজানি হওয়ার পর ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী এসপির কার্যালয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে আটক চারজনকে থানায় নিয়ে যায়। পরে তাঁদের সেখান থেকে ছেড়ে দেওয়া হয়।গণপূর্ত বিভাগের রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী ওম প্রকাশ নন্দী জানান, এসপির কার্যালয় থেকে তাঁকে ঝামেলা হওয়ার বিষয়টি জানিয়ে ছেঁড়া দরপত্রটি গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ছেঁড়া দরপত্র গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চাওয়া হবে।যোগাযোগ করা হলে শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহজাহানকে মারধর ও পুলিশের হাতে আটক হওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, উপবৃত্তির আবেদন জমা দেওয়ার জন্য ছাত্রলীগের কয়েকজন কর্মী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যালয়ে যান। কিন্তু তাঁদের অনেকে জানতেন না কীভাবে আবেদন করতে হবে। তাই তাঁরা তাঁদের এসপির কার্যালয়ের সামনে আসতে বলেছিলেন। ওই সময় একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় হইহুল্লোড় দেখে তাঁরা সেখানে যান। ওই সময় পুলিশ এসে তাঁদের পরিচয় জানতে চায়। পরিচয় দেওয়ার পর কথা বলতে তাঁদের এসপির কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। তাঁরা পরে সেখান থেকে চলে আসেন।