দরপত্র জমা দিতে গিয়ে যুবলীগের দুই নেতা হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে গতকাল বুধবার স্থানীয় যুবলীগের দুই নেতার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দরপত্র জমা দিতে গিয়ে তাঁরা এই হামলার শিকার হন।আহত দুজন হচ্ছেন চরজাঙ্গালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসান মাহমুদকে লক্ষ্মীপর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত হাসান জানান, গতকাল মৎস্য বিভাগের ‘জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা’ প্রকল্পের অধীনে ২৪ লাখ টাকার একটি দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। উপজেলা যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক আবদুল বাছেতের নেতৃত্বে যুবলীগের কয়েকজন কর্মী ঠিকাদারদের যোগসাজশে ওই দরপত্র নিজেরা নিয়ন্ত্রণের উদ্যোগ নেন। তিনি অভিযোগ করেন, সমঝোতা প্রস্তাবে রাজি না হওয়ায় বাছেতের নেতৃত্বে তাঁর লোকজন হামলা চালায়।এদিকে বাছেত বলেছেন, কোনো ঠিকাদার হয়তো বহিরাগতদের দিয়ে ওই ঘটনা ঘটিয়েছে। হামলা বা দরপত্র নিয়ে সমঝোতার সঙ্গে তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নন।নাম প্রকাশে অনিচ্ছুক দরপত্র জমাদানকারী স্থানীয় কয়েকজন ঠিকাদার জানান, আবদুল বাছেত সমঝোতার কোনো উদ্যোগ নিয়েছিলেন কি না, তাঁদের জানা নেই।দরপত্র কমিটির আহ্বায়ক ঊর্ধ্বতন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত কবীর চৌধুরী বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। মোট ৩৯টি দরপত্র বিক্রি হয়েছিল। জমা দেওয়ার শেষ দিন গতকাল সব কটি দরপত্রই জমা পড়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।