দরপত্র জমা দিতে ছাত্রলীগ ও যুবলীগের বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার হাটবাজারের ইজারার দরপত্র জমা দেওয়ার সময় গত সোমবার ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা বাধা ও ইজারাপ্রার্থীদের কাছ থেকে দরপত্র কেড়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার ৩০টি হাটবাজারের ইজারার জন্য দরপত্র বিক্রি হয় ২০১টি। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। দরপত্র দাখিলে ব্যর্থ রুহুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করেন, সোমবার সকাল থেকে পবিত্র, রশীদ, শরিফ, সমীর ও পোবারুলের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের ২৫-৩০ জন কর্মী উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের অফিসে অবস্থান নেন। খোচাবাড়ি হাটের জন্য মনসুর আলী, শিবগঞ্জ হাটের জন্য এস এম রানা, রঙ্গিয়ানী হাটের জন্য খলিলুর রহমান, নয়া গড়েয়া হাটের রুহুল ইসলাম, গড়েয়া হাটের জন্য আবদুর রশিদ ও রামনাথ হাটের জন্য সানোয়ার আহম্মেদ সানুর পক্ষে আনসারুল হক উপজেলা পরিষদে দরপত্র জমা দিতে গেলে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাধা দেন। তাঁরা দরপত্র জমা দিতে না পেরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীর কাছে অভিযোগ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তাঁদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাখা বাক্সে দরপত্র জমা দিতে গেলে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা তাঁদের সেখানেও বাধা দেন। একপর্যায়ে তাঁরা দুজনের কাছ থেকে দরপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাখা বাক্সে শিবগঞ্জ হাটের জন্য দরপত্র জমা দিতে আসে স্বেচ্ছাসেবক লীগের একটি পক্ষ। এ সময় তাঁদেরও দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। এর জের ধরে দুপুরে স্টেশন রোডে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, উপজেলা পরিষদে রাখা দরপত্র বাক্সে দরপত্র ফেলতে বাধা দেওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানোর পর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে দরপত্র জমা দেওয়ার পরামর্শ দেন। সেখানেও ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা দরপত্র ছিনিয়ে নিয়ে গেছেন। তাঁর অভিযোগ, জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি।এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়।জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান জানান, ইজারার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগটি উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁকে মুঠোফোনে জানিয়েছিলেন।