হবিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে তিনটি গ্রুপের প্রায় সাড়ে ছয় কোটি টাকার কাজের দরপত্রে অংশ নিতে পারেননি অনেক ঠিকাদার। গত বুধবার এ দরপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও কয়েকজন ঠিকাদারের বাধার কারণে তা সম্ভব হয়নি।সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বাধাদানের সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও ঠিকাদারদের চাপে এলজিইডি বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারী গতকাল বৃহস্পতিবার অফিস করেননি। স্থানীয় ঠিকাদারেরা জানান, একটি চক্র কাজ ভাগবাটোয়ারার জন্য গত দুদিন অফিস ঘেরাও করে রাখে।হবিগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর, বানিয়াচং ও বাহুবল উপজেলার রিপিয়ারিং (মেরামত) কাজের জন্য ইস্টার্ন বাংলা প্রকল্পের অধীনে ২৮ কিলোমিটার রাস্তার জন্য এক কোটি ৮৫ লাখ টাকা, চুনারুঘাট-চানপুর বাজার ভায়া শাহজীবাজার তিন কিলোমিটার রাস্তার তৈরি বাবদ দুই কোটি ১৬ হাজার এবং একই রাস্তার ওপর অংশের আরও চার কিলোমিটার রাস্তা বাবদ দুই কোটি ৬৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয় সম্প্রতি। গত বুধবার ছিল এ দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এ তিনটি গ্রুপে ৯৮টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে মাত্র ১২টি।এলজিইডির সংশ্লিষ্ট ঠিকাদারেরা জানান, দরপত্র জমার দিন গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিলেও প্রকৃত ঠিকাদারেরা এ সময় তাঁদের দরপত্র জমা দিতে পারেননি। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও ঠিকাদার নিজেদের পছন্দ অনুযায়ী কয়েকজন ঠিকাদারকে দরপত্র জমার সুযোগ দিলেও সাধারণ ঠিকাদারেরা এ সুযোগ পাননি। ঠিকাদারদের অভিযোগ সমঝোতার ভিত্তিতে ১২টি দরপত্র জমা হয়েছে। হবিগঞ্জ এলজিইডির ঠিকাদার এম কাউসার বলেন, তিনি ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রথম গ্রুপে অংশ নিতে গেলে তাঁকে দরপত্র জমা দিতে দেননি আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা। পরে দরপত্র জমা না দিয়েই তাঁকে ফিরে আসতে হয়েছে।নিলু এন্টারপ্রাইজের মালিক গোলাপ মিয়া বলেন, তিনি যখন দরপত্র নিয়ে জমা দেওয়ার জন্য এলজিইডি অফিসে যান, ঠিক তখনি একসঙ্গে ক্ষমতাসীন দলের ১৫-২০ জন নেতা-কর্মী তাঁকে আটক করে গালিগালাজ করেন। পরে জোর করে তাঁকে অফিস থেকে বের করে দেওয়া হয়।ঠিকাদারেরা আরও জানান, বুধবার বেলা তিনটার মধ্যে দরপত্রের বাক্স খোলার কথা থাকলেও সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী প্রকৌশলীকে রাত ১০টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন সমঝোতাকারী ব্যক্তিরা। এদিকে ঘটনার পরের দিন গতকাল স্থানীয় ঠিকাদারেরা দরপত্রের খবর নিতে গিয়ে দেখেন দরপত্রে বাধাদানকারী ব্যক্তিরা পুরো কার্যালয় দখল করে রেখেছেন। এ রাজনৈতিক নেতাদের চাপে এলজিইডির কোনো কর্মকর্তা গতকাল অফিসও করেননি। গতকাল দুপুর সাড়ে ১২টায় এলজিইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম তাঁর কার্যালয়ে নেই। সহকারী প্রকৌশলী আবু জাকির মো. সেকান্দর ও অপর সহকারী প্রকৌশলী ফারুক আহমেদও তাঁদের কক্ষে নেই। এমনকি দরপত্র প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী আহমদ তানভির উল্লাহ সিদ্দিকীও অফিসে অনুপস্থিত। তার পরও ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন ঠিকাদারকে অফিস প্রাঙ্গণে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম দরপত্রে বাধাদানের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, যত বাধাই থাকুক আমরা দরপত্র খুলেছি। এর মধ্য থেকে যাচাই-বাছাই চলছে। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দরপত্র মূল্যায়ন কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।গতকাল অফিস না করার বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘আমি অফিসের কাজে বাইরে আছি। পাশাপাশি অন্য কর্মকর্তারাও বাইরে আছেন।দরপত্রে বাধাদানের বিষয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেইন চৌধুরী জানান, এ বিষয়ে তিনি বা তাঁর দল কিছু জানে না। হয়তো বা কেউ দলের নাম ভাঙিয়ে এ অন্যায় করছে। যাঁরা এর সঙ্গে জড়িত তাঁরা ব্যক্তিগতভাবে নিজেদের জড়িয়েছেন।