দরপত্র জমা দিতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগে ৪২ লাখ টাকার একটি কাজের দরপত্র জমা দিতে ঠিকাদারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। এ সময় ঠিকাদারদের সাহায্যে এগিয়ে আসায় লাঞ্ছিত হয়েছেন মেয়রের ব্যক্তিগত সহকারী আবদুর রহিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।জানা যায়, হালিশহরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে সরঞ্জাম সরবরাহ ও স্থাপন কাজের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। দরপত্র জমা দেওয়ার বাক্স ছিল নগর ভবনের তৃতীয় তলায়। এ কাজের জন্য মোট ২৫টি আবেদনপত্র বিক্রি হয়।কয়েকজন ঠিকাদার জানান, গতকাল সকালে হঠাৎ সাইফুল ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেন। ঠিকাদারেরা বিষয়টি মেয়র কার্যালয়ে জানান। বেলা পৌনে ১২টার দিকে মেয়রের ব্যক্তিগত সহকারী আবদুর রহিম তৃতীয় তলায় গিয়ে ঠিকাদারদের কাছ থেকে দরপত্র নিয়ে নির্ধারিত বাক্সে ফেলার উদ্যোগ নেন। এ সময় সাইফুল তাঁকে ধাক্কা দেন এবং তাঁর হাত থেকে দরপত্র কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন। নিজেকে ছাত্রদলের নেতা দাবি করা শাহাব উদ্দিন এ সময় রহিমকে উদ্দেশ করে গালিগালাজ করেন। শোরগোল শুনে সেখানে লোকজন ভিড় করলে সাইফুল ও শাহাব উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ঠিকাদারেরা দরপত্র জমা দেন এবং আটটি দরপত্র জমা হয়। পরে সিটি করপোরেশনের সচিবের কক্ষে দরপত্র বাক্স খোলা হয়। সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘গত এক বছরে সিটি করপোরেশনে কোনো দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। আমরা এ ধরনের কোনো কাজ হতে দেব না।’