দরপত্র জমা দিলেন শুধু ছাত্রলীগের পছন্দের সাতজন ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় হাটবাজার ইজারার দরপত্র শুধু ছাত্রলীগের পছন্দের সাতজন ঠিকাদার জমা দিতে পেরেছেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার কারণে অন্য কোনো ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।ছাত্রলীগের পছন্দের বাইরের একজন ঠিকাদার দরপত্র জমা দিতে সক্ষম হলেও দরপত্রের বাক্সের তালা খুলে তাঁর দরপত্রটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একটি সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার সুবার, বটতলী, শালধর, ধনিকুন্ডা, রাজষপুর, বক্স মাহমুদ, খণ্ডল ও কালীবাজার এক বছরের জন্য ইজারার দরপত্র আহ্বান করা হয়। মোট শিডিউল বিক্রি হয় ২৫টি। নাম প্রকাশ না করার শর্তে ইউএনও কার্যালয়ের একটি সূত্র জানায়, গতকাল শেষ দিন পর্যন্ত জমা পড়েছে মাত্র সাতটি শিডিউল।শাহিনুল ইসলাম, মো. সবুজ, ছালেহ আহাম্মদসহ বেশ কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, গতকাল সকাল থেকে ছাত্রলীগের নেতারা ইউএনও কার্যালয় ঘেরাও করে রাখেন। তাঁরা কাউকে দরপত্র জমা দিতে দেননি। শাহিনুল ইসলাম অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতারা তাঁর হাত থেকে শিডিউল ছিনিয়ে নেন।সাতকুচিয়া এলাকার ঠিকাদার সাহাব উদ্দিন অভিযোগ করেন, তিনি সকাল ১০টার দিকে ১৫ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ শিডিউল জমা দিতে ইউএনওর কার্যালয়ে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. রাকিব ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিনসহ সংগঠনের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী তাঁকে লাঞ্ছিত করেন। তিনি পরে ওই কার্যালয়ের এমএলএসএস মো. মোস্তফাকে দিয়ে শিডিউল জমা দেন। কিন্তু পরে তিনি জানতে পারেন, ছাত্রলীগের নেতারা দরপত্রের বাক্সের তালা খুলে শিডিউলটি ছিনিয়ে নেন।ঘটনাস্থলে উপস্থিত পরশুরাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিক বলেন, ছাত্রলীগের নেতারা দরপত্রের বাক্স খুলে একটি শিডিউল ছিনিয়ে নিয়েছেন। শিডিউলটি ইউএনওর কার্যালয়ের অফিস সহকারীর কাছে রয়েছে।যোগাযোগ করা হলে বিষয়টি স্বীকার করে প্রচার সম্পাদক মো. রাকিব বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতাদের নির্দেশে লোকজন নিয়ে তিনি গিয়েছিলেন। তবে কোনো নেতার নাম বলেননি তিনি।পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইয়াছিন শরীফ বলেন, শিডিউল জমা নিয়ে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।এ ব্যাপারে ইউএনও আরিফ আহাম্মদ খান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে খবর দেওয়া হয়। নিরাপত্তার জন্য দরপত্রের বাক্সটি থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে তিনি আর কিছু বলতে রাজি হননি।