দরপত্র জমা দিয়ে ফেরার সময় ঠিকাদারকে কুপিয়ে জখম
ফরিদপুরে দরপত্র জমা দিয়ে ফেরার পথে এক ঠিকাদারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বুধবার ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বিদ্যুৎ কার্যালয়ে এ ঘটনা ঘটে।আহত ঠিকাদারের নাম মনোয়ার হোসেন (৩০)। তিনি শহরের মোল্লাবাড়ী সড়ক এলাকার বাসিন্দা। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের (ওজোপাডিকো) ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ২১ জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্পের আওতায় বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণের জন্য চারটি গ্রুপে ৪৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল দুপুর একটা পর্যন্ত মোট ১২টি দরপত্র জমা পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে একটার দিকে মনোয়ার হোসেন ও তাঁর বড় ভাই আনোয়ার হোসেন ওজোপাডিকোর ফরিদপুর কার্যালয়ের ওই প্রকল্পের কার্যালয়ে এসে দরপত্র জমা দেন। দরপত্র জমা দিয়ে বের হয়ে আসার পর ওই কার্যালয়ের ভবনের নিচে কয়েকজন তরুণ তাঁদের মারধর করে। একপর্যায়ে তারা মনোয়ার হোসেনের ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, ‘বিদ্যুৎ অফিসে দুর্বৃত্তদের হামলায় একজন আহত হয়েছে বলে শুনেছি। কিন্তু এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না।’