দরপত্র জমা নিয়ে আ.লীগের দুই পক্ষে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে দরপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গতকাল বুধবার দুপুরে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সদর উপজেলায় এক কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকার কাজের দরপত্র জমা দিতে গেলে মিয়াজান আলী ও গোলাম রসুলের পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দরপত্র জমা দেওয়া নিয়ে সকাল থেকেই শহর ছাত্রলীগের সভাপতি মফিজুর রহমানের নেতৃত্বে (গোলাম রসুলের ভাতিজা) ছাত্রলীগের কিছু কর্মী উপজেলা চত্বরে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলীর ছেলে আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে কিছু বহিরাগত দরপত্র জমা দিতে যান। এ নিয়ে মফিজুর রহমানের পক্ষের সঙ্গে তাঁদের হাতাহাতি ও কিলঘুষির ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দরপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনায় পুলিশকেও নাজেহাল হতে হয়েছে।
বেলা পৌনে একটার দিকে আবদুল্লাহ আল মামুনের পক্ষ উপজেলা পরিষদ চত্বরে ঢোকার চেষ্টা করে। তখন মফিজুর রহমানের পক্ষের সঙ্গে তাদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ পাহারায় দরপত্র জমা সম্পন্ন হয়েছে।
সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক, প্রাচীর ও ভবন নির্মাণের জন্য এক কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে ১৬টি কাজের বিপরীতে ২৩৩টি শিডিউল বিক্রি হয়। গতকাল ছিল দরপত্র (শিডিউল) জমা দেওয়ার শেষ দিন। জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ জানান, দরপত্র জমা দেওয়া নিয়ে নয়, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করায় ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের কর্মীরা আবদুল্লাহ আল মামুনের পক্ষকে ধাওয়া করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী বলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ও মেহেরপুর-১-এর সাংসদের ভগ্নিপতি আবদুস সামাদ ওরফে বাবলু বিশ্বাস সমঝোতার ভিত্তিতে দরপত্র জমা দিচ্ছিলেন। এর প্রতিবাদ করতে যান তাঁর ছেলে আবদুল্লাহ আল মামুনসহ আওয়ামী লীগের কিছু কর্মী। তখন গোলাম রসুলের ভাতিজা মফিজুর রহমানসহ ছাত্রলীগের কিছু কর্মী তাঁদের ধাওয়া করেন।
পরে তিনি নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়। জানতে চাইলে গোলাম রসুল বলেন, ছোট ১৬টি কাজ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২২ খুদে ঠিকাদারকে ভাগ করে দেওয়ার জন্য বাবলু বিশ্বাস প্রস্তাব দিলে তিনি মেনে নেন। মিয়াজান আলী দুটি কাজ চাইলে সংকট তৈরি হয়। তিনি বলেন, ‘ঘটনার সময় আমি পুলিশ লাইনে ঠিকাদারির কাজে ছিলাম।’