নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল রোববার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে পুলিশ ও আনসারসহ ছাত্রলীগের দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ফাউন্ডেশনের ভেতর যানবাহন পার্কিং, টয়লেট, লেকে নৌকা ভ্রমণ, নাগরদোলা স্থাপনসহ চারটি গ্রুপের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। বেলা ১১টায় দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহাগ রনি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাউন্ডেশনের ভেতরে মহড়া দেন। খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। মোস্তাফিজ ও সোহাগ রনি পাল্টাপাল্টি হামলা চালানোর অভিযোগ করেছেন।