দরপত্র জমা পড়েছে তিনটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৪ ও ৫ নম্বর জেটিতে অপারেটর নিয়োগে দরপত্র জমা পড়েছে তিনটি। গতকাল মঙ্গলবার সকালে বন্দরের দরপত্র বাক্স খুলে এ তিনটি দরপত্র পাওয়া যায়। একই টার্মিনালের ২ ও ৩ নম্বর জেটিতে অপারেটর নিয়োগের দরপত্র জমা নেওয়া হবে আজ বুধবার।
এ তিন দরদাতা হলো এম এইচ চৌধুরী ও এ অ্যান্ড জে ট্রেডার্সের সঙ্গে যৌথভাবে সাইফ পাওয়ারটেক লিমিটেড (লিড পার্টনার), মেসার্স বশির আহমেদ ও কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস লিমিটেড।
দরদাতা প্রতিষ্ঠানের মধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেড বর্তমানে বন্দরের চারটি জেটি পরিচালনা করছে। বন্দরে নিয়োজিত বার্থ অপারেটর এম এইচ চৌধুরীর চেয়ারম্যান চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরী। বার্থ অপারেটর এ অ্যান্ড জে ট্রেডার্সের স্বত্বাধিকারী নোয়াখালীর আওয়ামী লীগের সাংসদ একরামুল করিম চৌধুরী। কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস কর্ণফুলী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী। বন্দরে বার্থ অপারেটর হিসেবে নিয়োজিত মেসার্স বশির আহমেদ দরপত্রে অংশ নেয়।
বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার বলেন, দরপত্র বাক্স খুলে এই তিনটি দরপত্র পাওয়া গেছে।
প্রসঙ্গত, এনসিটির চারটি জেটিতে দুজন অপারেটর নিয়োগের জন্য দুটি দরপত্র আহ্বান করেছিল বন্দর কর্তৃপক্ষ। দরপত্রের শর্ত নিয়ে কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস হাইকোর্টে রিট করে। হাইকোর্ট গত রোববার এক আদেশে ওই টার্মিনালে অপারেটর নিয়োগের জন্য আহ্বান করা দুটি দরপত্রের প্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন। এ আদেশের বিষয়ে বন্দর কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আপিল বিভাগে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। ১৪ জুন আপিল বিভাগে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।