চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ২ ও ৩ নম্বর জেটিতে অপারেটর নিয়োগে পাঁচটি দরপত্র জমা পড়েছে। গতকাল বুধবার সকালে বন্দরের দরপত্র বাক্স খুলে পাঁচটি দরপত্র পাওয়া যায়।
বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম প্রথম আলোকে বলেন, দরপত্র জমা দেওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো সাইফ পাওয়ারটেক লিমিটেড, ফজলী অ্যান্ড সন্স, এ অ্যান্ড জে ট্রেডার্স, কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস লিমিটেড এবং এইচ কে।
এর আগে গত মঙ্গলবার এনসিটির ৪ ও ৫ নম্বর জেটিতে অপারেটর নিয়োগের দরপত্রে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছিল। মঙ্গলবার জমা দেওয়া দরপত্রে সাইফ পাওয়ারটেক লিমিটেড, মেসার্স বশির আহমেদ এবং কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস লিমিটেড অংশ নিয়েছিল।
সূত্র জানায়, দরপত্র খোলার পরপরই সাত সদস্যের মূল্যায়ন কমিটি গতকাল বন্দর ভবনে বসে দরপত্র মূল্যায়নের কাজ শুরু করেছে। সাত সদস্যের এ মূল্যায়ন কমিটির আহ্বায়ক হলেন বন্দরের সদস্য (প্রকৌশল) কমোডর জুলফিকার আজিজ।
এনসিটির চারটি জেটিতে দুজন অপারেটর নিয়োগের জন্য গত ৪ মে দুটি দরপত্র আহ্বান করেছিল বন্দর কর্তৃপক্ষ। দরপত্রের শর্ত নিয়ে কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস হাইকোর্টে রিট করে। হাইকোর্ট অপারেটর নিয়োগের জন্য আহ্বান করা দুটি দরপত্রের প্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরে বন্দর কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আপিল বিভাগে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। ১৪ জুন আপিল বিভাগে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।