দরপত্র জমাদানে যুবলীগের বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কোটি ২৯ লাখ টাকার কাজের দরপত্র জমা দিতে যুবলীগ নেতা-কর্মীরা ঠিকাদারদের বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পাউবো নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বারনই নদীর ডান পাশের তীর সংরক্ষণের জন্য ব্লক স্থাপনের কাজের দরপত্র আহ্বান করা হয় গত ২২ মার্চ। এক কোটি ২৯ লাখ টাকার এই কাজের জন্য অগ্রণী ব্যাংকের নাটোর ও রাজশাহীর দুটি শাখা থেকে মোট ৪৮টি শিডিউল বিক্রয় করা হয়। পাউবোর নাটোর কার্যালয়ে দরপত্র দাখিলের শেষ সময় ছিল গত সোমবার দুপুর ১২টা। বেলা একটায় দরপত্রের বাক্স খোলার পর দেখা যায়, মাত্র ছয়টি দরপত্র জমা পড়েছে।নাটোরের মেসার্স শেখ এমদাদুল হক আল মামুন ট্রেডার্সের প্রতিনিধি শামীম আল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি ১২টা বাজার ১০ মিনিট আগেই দরপত্র জমা দিতে এসেছিলাম। তখন জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলামসহ ২৫-৩০ জন যুবক পাউবো কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন। তাঁরা আমাকে দরপত্র নিয়ে কার্যালয়ে ঢুকতে না দিয়ে দরপত্র তাঁদের কাছে দেওয়ার জন্য বলেন। আমি তখন ভয়ে সেখান থেকে চলে এসেছি।’ঢাকার ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি গোলাম রব্বানি ও রাজশাহীর ঠিকাদার শাহীন আলম অভিযোগ করেন, যুবলীগের লোকজনের বাধার কারনে তাঁরা দরপত্র জমা দিতে পারেননি।রাজশাহীর ঠিকাদার সাজ্জাদ হোসেন বলেন, ‘রাজশাহী থেকে আমরা ১৫ জন ঠিকাদার দরপত্র জমা দিতে এসেছিলাম। যুবলীগের নেতা-কর্মীরা দরপত্রগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেন। তাঁরা সেগুলো দাখিল করবেন বলে আমাদের জানিয়েছেন।’ যুবলীগের নেতা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরাও দরপত্র জমা দিতে সেখানে গিয়েছিলাম। দরপত্র জমা দিতে কাউকে বাধা দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘মাত্র একটা কাজের টেন্ডার। আমরা, নাটোরের ঠিকাদাররা সবাই আলাপ-আলোচনা করে কাজটা করব বলে মনে করছি।’পাউবোর নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্রনাথ সরকার বলেন, ‘দরপত্র জমা দিতে বাধা দেওয়ার কোনো অভিযোগ আমি পাইনি।’ ৪৮টি শিডিউল বিক্রি হলেও মাত্র ছয়টি দরপত্র জমা পড়ল কেন, জানতে চাইলে ধীরেন্দ্রনাথ বলেন, ‘এটা ঠিকাদারদের ব্যাপার। তাঁরা কেন দরপত্র জমা দেননি, তা আমি বলতে পারব না। আমার কার্যালয়ে আইনশৃঙ্খলার কোনো ঘাটতি ছিল না।’