সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন কাজের দরপত্র জমাদানে যুবলীগের নেতারা বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ ১৬টি দরপত্র বিক্রি হলেও নির্ধারিত সময় গত সোমবার বেলা একটা পর্যন্ত বাক্সে পড়েছে মাত্র চারটি।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, ১৩ এপ্রিল পানি শোধনাগার স্থাপনকাজের নয় কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। ১ জুন দরপত্র সংগ্রহের শেষ দিন ছিল৷ এদিন ১৬টি দরপত্র বিক্রি হয়। আর গত সোমবার ছিল জমা দেওয়ার শেষ দিন। এদিন বাক্সে জমা পড়ে মাত্র চারটি।
বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা গেছে, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কক্ষের বাইরে বসে আছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক। ওই কার্যালয়ের চত্বরে আছেন জেলা যুবলীগের সহসভাপতি জুলফিকার আলী৷ এ সময় সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি তানভিরসহ যুবলীগের কয়েকজন নেতা-কর্মী িছলেন।
নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকতেই যুবলীগের নেতা জুলফিকার আলী এই প্রতিবেদককে বলেন, ‘ভাই, এ কাজটি নিয়ে জেলা পুলিশ সুপার আগ্রহী। আপনার ছোট ভাই আমরা। আপনি এখানে থাকলে অসুবিধা হবে। আপনি চলে যান।’ পরে মুঠোফোনে এ ব্যাপারে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওখানে ওসি সাহেব রয়েছেন, তাঁর কাছে শুনে দেখেন।’
ওসি ইনামুল হক বলেন, দরপত্র ফেলতে যাতে ঠিকাদারদের কোনো সমস্যা না হয়, সে জন্য তিনি এসেছিলেন। কে দরপত্র ফেলবে বা প্রত্যাহার করবে—সে বিষয়টি দেখা তাঁর কাজ নয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নূর আহমেদ বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়। এ কাজ করার জন্য যে অভিজ্ঞতা দরকার, তা না থাকার পরও অনেকে দরপত্র কিনেছেন। দরপত্র ফেলতে দেওয়া হচ্ছে না—এ ধরনের অভিযোগ কেউ করেনি।তবে অফিস চত্বরে ঠিকাদার নয় এমন অনেককে দেখা গেছে।