দরপত্র জালিয়াতি করে কাজ বণ্টন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দরপত্র জালিয়াতির মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের প্রায় সোয়া কোটি টাকার ১০টি কাজ ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চারটি সংবাদপত্রের কিছু কপির কয়েকটি করে পাতা সরিয়ে সেখানে লাগানো নতুন পাতায় দরপত্র বিজ্ঞপ্তি কম্পিউটারের সাহায্যে বসিয়ে কয়েকজন ঠিকাদার এসব কাজ নিয়েছেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কতিপয় কর্মকর্তা এ কাজে ঠিকাদারদের সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। এম এ সালাম নামের এক ঠিকাদার গত ২৯ এপ্রিল ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পত্রিকায় বিজ্ঞাপন জালিয়াতি করে কাজ ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ এনে একটি আরজি পেশ করেন। আরজির পরিপ্রেক্ষিতে আদালত বলেন, বিষয়টি ওই আদালতের এখতিয়ারবহির্ভূত। এরপর গত রোববার ওই ঠিকাদার দুর্নীতি দমন কমিশনে এ ব্যাপারে ডাকযোগে অভিযোগ পাঠিয়েছেন।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, ২০১১ সালের ১৭ ডিসেম্বর সমকাল ও কালের বাণী এবং একই বছরের ২৯ অক্টোবর ভোরের কাগজ ও নিউনেশন পত্রিকার সীমিতসংখ্যক কপিতে সওজের ফরিদপুর কার্যালয়ের ১০টি গ্রুপের কাজের দুটি দরপত্র বিজ্ঞপ্তি ছাপা হয়। এর মধ্যে একটিতে ছয়টি এবং অপরটিতে চারটি কাজ ছিল। কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি করে (সুপার ইম্পোজ) বিজ্ঞপ্তি পত্রিকার পাতায় সংযুক্ত করা হয়। দুটি বিজ্ঞপ্তিতেই সওজের তৎকালীন নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায়, সহকারী প্রকৌশলী বিমল কুমার সন্ন্যাসী ও উপসহকারী প্রকৌশলী মো. আমির হোসাইনের সই ছিল।
সওজের কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী উন্নয়নকাজের ধরন ও ব্যয় নির্ধারণের পর একাধিক কর্মকর্তার অনুমোদনের পর দরপত্র বিজ্ঞপ্তি পত্রিকায় ছাপানোর জন্য পাঠানো হয়। এ ছাড়া সড়ক বিভাগের নোটিশ বোর্ডেও সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলো টাঙানো হয়। কিন্তু জালিয়াতি করে দরপত্রের বিজ্ঞাপন পত্রিকায় ছাপানোর কারণে এবং এগুলো সওজের নোটিশ বোর্ডে না দেওয়ায় অনেক ঠিকাদার দরপত্র আহ্বানের বিষয়টি জানতে পারেননি।
সওজের ফরিদপুর কার্যালয়ের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ১০টি কাজের পাঁচটিই করেছেন ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাসিন্দা ঠিকাদার শাহীনূর আলম। তিনি (শাহীনূর) নিজ নামে তিনটি ও তিথি কনস্ট্রাকশনের নামে দুটি কাজের জন্য মোট ৬৯ লাখ ২৭ হাজার ৯২৪ টাকার বিল তুলেছেন। বাকি পাঁচটির মধ্যে মোট ১৪ লাখ ১৬ হাজার ৭৮২ টাকার দুটি জুনেটুলি কনস্ট্রাকশন, সরাফত মিয়া ২০ লাখ ১৯ হাজার ৯০৬ টাকার, মোহসিন শরীফ আট লাখ ৯৯ হাজার ২৫৪ টাকার এবং কেএস এন্টারপ্রাইজ ১১ লাখ ৪০ হাজার ৮৪৯ টাকার একটি কাজ পায়।
সমকাল ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান বলেন, ২০১১ সালের ১৭ ডিসেম্বর সমকাল পত্রিকার ৬-এর পাতায় ফরিদপুর সড়ক বিভাগের কোনো বিজ্ঞপ্তি ছাপা হয়নি। ওই দিন ফরিদপুরে আসা পত্রিকার কিছু কপির ৫, ৬, ১৬ ও ১৭ নম্বর পাতা সরিয়ে সেখানে নকল পাতা জুড়ে দিয়ে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।
জালিয়াতির অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মো. শাহীনূর আলম বলেন, ‘আমি একজন ঠিকাদার, পত্রিকায় কীভাবে বিজ্ঞপ্তি ছাপা হয়েছে তা আমার জানার কথা নয়।’ তিনি দাবি করেন, ‘সড়ক বিভাগে এক পরিচিত লোকের মাধ্যমে আমি দরপত্র বিজ্ঞপ্তির খবর জানতে পারি। আমি শতভাগ সততা নিয়েই কাজগুলো করেছি।’
ঠিকাদার মোহসিন শরীফ বলেন, ‘এ দরপত্রসংক্রান্ত কোনো কিছুই আমার জানা নেই। আমার ঠিকাদারির লাইসেন্স থাকলেও আমি নিজে কাজ করি না। আমার লাইসেন্সে ঠিকাদার শাহীনূর আলম কাজ করেন।’
ঠিকাদার শরাফত মিয়া বলেন, ‘সড়ক বিভাগের কর্মকর্তারা আমাকে ডেকে নিয়ে কাজটি দিয়েছেন। তবে কাজটি আমি যথাসময়ে শেষ করেছি।’
তৎকালীন উপসহকারী প্রকৌশলী আমীর হোসেন বলেন, ‘আমি ওই কাজের অতিরিক্ত দায়িত্বে ছিলাম। আর বিজ্ঞাপনের বিষয়টি নির্বাহী প্রকৌশলী নিজেই দেখে থাকেন। তাই বিজ্ঞাপন প্রকাশ নিয়ে কী অনিয়ম হয়েছে তা আমার জানা নেই।’
তৎকালীন নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় দাবি করেন, ‘অফিসের নিয়মনীতি মেনেই দরপত্র আহ্বান ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পত্রিকায় প্রকাশের ক্ষেত্রে জালিয়াতি বা কোনো দুর্নীতি হয়েছে বলে আমার জানা নেই। এ ছাড়া নোটিশ বোর্ডে দরপত্র সাঁটানো হয়েছে।’
সওজের ফরিদপুর কার্যালয়ের সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আবু বক্কর বলেন, যেসব পত্রিকায় বিজ্ঞাপনগুলো ছাপা হয়েছে, সেসব বিজ্ঞাপনের বিপরীতে এই কার্যালয় থেকে কোনো বিল ছাড় (ইস্যু) করা হয়নি। নির্বাহী প্রকৌশলী রেহানা হক বলেন, ‘আমি এ কার্যালয়ে নতুন এসেছি। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’