দরপত্র দাখিল নিয়ে আ.লীগের দুই পক্ষের হাতাহাতি
নাটোরের গুরুদাসপুর উপজেলায় হাটবাজার ইজারার দরপত্র দাখিলের শেষ দিন গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ইউএনও তাঁর কক্ষেই ছিলেন।জানা গেছে, উপজেলার নাজিরপুর, খুবজিপুর, ধারাবারিষা, কাছিকাটাসহ ১৮টি হাটবাজারের দরপত্র দাখিলের শেষ সময় ছিল গতকাল দুপুর একটা। সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল মতিন দরপত্র দাখিল করতে যান। এ সময় গুরুদাসপুুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী তাঁর সমর্থকদের নিয়ে আবদুল মতিনকে দরপত্র দাখিলে বাধা দেন এবং ইউএনওর সামনেই লাঞ্ছিত করেন।চেয়ারম্যান আবদুল মতিন জানান, শাহনেওয়াজ মোল্লার সমর্থকেরা তাঁকে লাঞ্ছিত করে দরপত্র ছিনিয়ে নেন। দরপত্র কমিটির সভাপতির কাছে এর প্রতিকার ও পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানিয়েছেন তিনি।শাহনেওয়াজ আলী জানান, নির্দিষ্ট সময়ের পরে আবদুল মতিন দরপত্র জমা দিতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়, কিন্তু লাঞ্ছিত হওয়ার ঘটনা সত্য নয়।