দরপত্র দাখিল নিয়ে ভোলায় ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ
ভোলায় পাঁচ কোটি টাকার দরপত্র দাখিলকে কেন্দ্র করে গতকাল সোমবার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় যুবলীগ নেতার নেতৃত্বে ছাত্রলীগের জেলা সভাপতি ও তাঁর ঠিকাদার ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।প্রশাসনিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম গ্রামীণ জনপদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সড়ক-সেতু-কালভার্ট নির্মাণের আট বিভাগে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শিডিউল বিক্রির শেষ দিন ছিল গত রোববার। ভোলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) সব শাখা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় থেকে শিডিউল বিক্রি হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদারের অভিযোগ, গতকাল বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে জেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন এবং তাঁদের কর্মীরা বাধা দেন। এ সময় অনেকের দরপত্র ছিনতাই করা হয়। অনেককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।হালিমা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দরপত্র জমা দিয়েছেন ঠিকাদার আরিফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘যুবলীগ ক্যাডারদের বাধা উপেক্ষা করে আমি দরপত্র দাখিল করে বের হলে আমাকে ও আমার ভাই জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলমকে যুবলীগ ক্যাডাররা পিটিয়ে জখম করে। আমরা চিৎকার করলে পুলিশ আমাদের কার্যালয়ের ভেতরে নিয়ে যায়।’ ছাত্রলীগ নেতা আবিদুল আলম জানান, যুবলীগ নেতা মনিরুজ্জামানের নেতৃত্বে যুবলীগের ক্যাডাররা তাঁদের পিটিয়ে জখম করে। এ ব্যাপারে তিনি মামলা করবেন।তবে হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’তবে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন স্বীকার করেন, পুলিশ সুপারের কার্যালয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হলে যুবলীগ নেতা মনিরুজ্জামান বিষয়টি মীমাংসা করতে সেখানে গিয়েছিলেন। তবে হামলার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।ভোলা পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ‘আমার কার্যালয়ের মধ্যে নয়, কার্যালয়ের সামনে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় বলে জানতে পেরেছি।’তবে দরপত্র দাখিলে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানান ভোলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম আকবর হোসেন।