দরপত্র দাখিল নিয়ে সিরাজগঞ্জে যুবলীগের সংঘর্ষ, আহত ২০
সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দরপত্রের শিডিউল দাখিল নিয়ে গত মঙ্গলবার যুবলীগের দুই নেতা ও তাঁদের সমর্থক ঠিকাদারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটকের পর গতকাল বুধবার দুজনকে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় যুবলীগের দুই পক্ষ গতকাল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।পুলিশ ও পাউবো সূত্রে জানা যায়, পাউবোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের জন্য ৬৫ লাখ টাকার ২৫ হাজার জিও ব্যাগ সরবরাহের দরপত্রের শিডিউল দাখিলের শেষ দিন ছিল গত মঙ্গলবার। দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে শিডিউল দাখিল নিয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম ও তাঁর লোকদের সঙ্গে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, তাঁর সঙ্গী এমদাদ ও তাঁদের লোকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন ইটপাটকেল, লাঠি, চাপাতি, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে সেলিম, এমদাদ, চঞ্চল, জুয়েল ও গোপালসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে এমদাদকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিপেটা করে, পরে দুটি ফাঁকা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। আটক করে যুবলীগের কর্মী মামুন চৌধুরী, মীম ও মামুন হোসেন। পুলিশ গতকাল মামুন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে অন্য দুজনকে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় যুবলীগের দুই পক্ষ গতকাল সিরাজগঞ্জ শহরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।এ বিষয়ে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী (পওর) সুজয় চাকমা বলেন, ‘কার্যালয়ের বাইরে গন্ডগোলের কথা শুনেছি। পুলিশ আসার পর থেমে যায়। তবে এতে আমাদের দরপত্র গ্রহণে কোনো অসুবিধা হয়নি।’সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আবদুল বারেক বাদী হয়ে যে মামলাটি করেছেন তা নথিভুক্ত করা হয়েছে। এজাহারভুক্ত আসামি মামুন হোসেনকে আটকে রেখে অন্য দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।