দরপত্র দাখিলের আগের দিন হাটই উধাও!
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ের সাপ্তাহিক পানের হাটের ১৪১৮ সনের ইজারাদার নিয়োগের দরপত্র দাখিলের দিন আজ রোববার। এই হাটের সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয় ছয় লাখ ২১ হাজার ৭৬৭ টাকা। অথচ গতকাল শনিবার হাটের দিন হাটটিই উধাও হয়ে গেছে! হাটের ইজারাদার ও তাঁর অনুসারীরা এটিকে সরিয়ে নিয়েছেন আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে। ইজারাদার মো. ফটিক মিয়া ও তাঁর অনুসারীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাট স্থানান্তর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় লোকজনের ধারণা, সরিয়ে নেওয়ায় এ বছর ওই হাটের কোনো ইজারা হবে না। ইজারা হলেও বেশি মূল্যে ইজারাদার মিলবে না। শেষমেশ সংঘবদ্ধ চক্রটি আগের জায়গায় বসবে এবং লাভবান হবে।এদিকে হাট সরিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে নেওয়ার ঘটনায় ভালাইপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তবে ইজারাদার মো. ফটিক মিয়া দাবি করেছেন, পানচাষি ও ব্যবসায়ীদের স্বার্থেই সবকিছু করা হয়েছে। কারণ, ভালাইপুর মোড়ে দীর্ঘদিন ধরে হাট বসলেও পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীদের সমস্যা হচ্ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি শনিবারের মতো গতকালও সকাল থেকে দেশের বিভিন্ন স্থানের ব্যাপারিরা পান কিনতে আসেন ভালাইপুরের পানের হাটে। পানচাষিরাও একে একে এসে পসরা সাজিয়ে বসেন। সকাল আটটা-সাড়ে আটটার দিকে ইজারাদার ফটিক মিয়া ও তাঁর অনুসারীরা সেখানে গিয়ে ঘোষণা দেন, আজ থেকে এখানে কোনো পানের হাট বসবে না। এখন থেকে শনিবারের সাপ্তাহিক পানের হাট বসবে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে। এই ঘোষণায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ব্যবসায়ীরা ধৈর্যের পরিচয় দেওয়ায় সহিংসতা এড়ানো সম্ভব হয়। একে একে পানচাষি ও ব্যবসায়ীরা গোকুলখালী বাজারে যান এবং সেখানে বেচাকেনা করেন।ভালাইপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কোরবান আলী জানান, ১৩ বছর ধরে প্রতি শনিবার এখানে সাপ্তাহিক পানের হাট বসে আসছে। এই হাটকে কেন্দ্র করে প্রায় ৫০০ জন ছোট-বড় ব্যবসায়ী বিনিয়োগ করেছেন। এই হাট চালু না থাকলে এই ব্যবসায়ীদের পথে বসতে হবে এবং সরকারও বিপুল অঙ্কের রাজস্ববঞ্চিত হবে।স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মার্চ মাসে একই কায়দায় চক্রটি ভালাইপুরের এই সাপ্তাহিক পানের হাটটি গোকুলখালী বাজারে সরিয়ে নেয়। ভালাইপুরের ব্যবসায়ীরা বিষয়টি তখন জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে জানানোর সঙ্গে সঙ্গে গোকুলখালী হাটে অভিযান চালানো হয় এবং হাট আগের জায়গায় ফিরিয়ে আনা হয়। ভালাইপুর হাট গোকুলখালীতে সরিয়ে নেওয়ায় সেখানেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের পানচাষি জাকারিয়া খানের অভিযোগ, প্রতি শুক্রবার গোকুলখালীতে পশুহাট বসে। পরের দিন গোবরের ওপর বসে কখনো পান বিক্রি করা সম্ভব নয়। একই কথা বললেন, মজনুর রহমান নামের এক পানের ব্যবসায়ী।এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসলাম উদ্দিন বলেন, ভালাইপুরের পানের হাটটি সরিয়ে কোনোভাবেই গোকুলখালীতে নেওয়া যাবে না। তিনি বিষয়টি সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।ভারপ্রাপ্ত ইউএনও টীটন খীসা বলেন, রোববার (আজ) জেলা প্রশাসক ভোলনাথ দের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।