দরপত্র না পাওয়ায় পৌরসভা কার্যালয় ভাঙচুর
ঠিকাদারের চাহিদামতো দরপত্র না পাওয়ায় গত বুধবার বেলা তিনটার দিকে সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার বিভিন্ন মহল্লায় পাবলিক টয়লেট, স্কুল ল্যাট্রিন ও কমিউনিটি ল্যাট্রিন নির্মাণসহ ৩২ লাখ টাকার উন্নয়নমূলক কাজের দরপত্র আহ্বান করা হয়েছিল। বুধবার বেলা তিনটা পর্যন্ত এই দরপত্র বিক্রির সময়সীমা ছিল। কিন্তু দুইটার দিকে কয়েকজন ঠিকাদারের প্রতিনিধি পৌরসভায় দরপত্র কিনতে আসেন। আড়াইটার দিকে চাহিদামাফিক দরপত্র না পেয়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে অফিসের চারটি কক্ষের দরজা, জানালার গ্লাস ও আসবাব ভাঙচুর করেন।শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানীউল ইসলামসহ আওয়ামী লীগের নেতারা পৌরসভা কার্যালয়ে এসে বিক্ষুব্ধ ঠিকাদারদের দরপত্র দেওয়া হবে বলে শান্ত করেন। পরে নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম পৌরসভা ভবনে এসে সিডিউল ফটোকপি করে ঠিকাদারদের দিলে পরিস্থিতি শান্ত হয়।ঠিকাদারের প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, তিনটায় দরপত্র বিক্রির শেষ সময় ছিল। এ সময় দরপত্র ফুরিয়ে গেছে এমন খবর শোনার পর বিক্ষুব্ধরা ভাঙচুর করেছে।পৌর মেয়র মো. মোকাদ্দেস আলী জানান, দুপুরে খাওয়ার জন্য কর্মরত ব্যক্তিরা বাইরে যান। এ সময় কিছু ঠিকাদারের প্রতিনিধিরা দরপত্র চান। পরে ঠিকাদারদের মধ্যে দরপত্র সরবরাহ করা হয়। সামান্য দেরি হওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।