দরপত্র নিয়ে আ.লীগ ও বিএনপির সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম প্রায় সোয়া কোটি টাকার দরপত্রের কাজ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, উপজেলার নান্দুরা ওবাইদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমতলী লিয়াকত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য সম্প্রতি এক কোটি ১৬ লাখ ২৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ১০ অক্টোবর দরপত্র বাক্স খোলার এবং গত মঙ্গলবার সর্বনিম্ন দরদাতার মধ্যে লটারি হওয়ার কথা ছিল।
কিন্তু দরপত্র কমিটি লটারি না করেই আমতলী মীর লিয়াকত আলী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য মীর সীমান্ত ট্রেডিং এজেন্সি এবং নান্দুরা ওবাইদুর রহমান প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য মীর দিগন্ত ট্রেডিং এজেন্সিকে বাছাই করে। দুই প্রতিষ্ঠানের একটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামে এবং অন্যটি তাঁর স্ত্রীর নামে।
মীর শাহে আলম কাজ নেওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, উপজেলায় এত বড় কাজ করার জন্য মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা। এ জন্য স্থানীয় ঠিকাদারেরা তাঁর দুটি প্রতিষ্ঠানের নামে কাজটি নিয়েছেন। তবে এর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার অভিযোগ করেন, দরপত্র আহ্বানের পর থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যানের চাপে কোনো ঠিকাদারের কাছে দরপত্র বিক্রি করা হচ্ছিল না। এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়ার কাছে অভিযোগ করার পর কিছু ঠিকাদারের কাছে দরপত্র বিক্রি করা হয়।
সাধারণ ঠিকাদারদের অভিযোগ, দরপত্র বিক্রি না করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক দলবল নিয়ে এলজিইডি কার্যালয়ে গিয়ে তাঁর নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে দরপত্র কেনেন।
তবে ঈদের আগে মীর শাহে আলমের পক্ষে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল হোসেন ওই আওয়ামী লীগ নেতাসহ কয়েকজনের সঙ্গে সমঝোতা করেন এবং তাঁদের মধ্যে টাকা ভাগ-বাঁটোয়ারা করে দেন।
তবে বুলবুল হোসেন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, আওয়ামী সরকারের আমলে বিএনপির কেউ দরপত্রের কাজ হাতিয়ে নেবেন, এটা বিশ্বাসযোগ্য নয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে দরপত্র কিনেছিলাম। তবে শেষ পর্যন্ত দরপত্র ফেলিনি। তবে কারও কাছ থেকে টাকাপয়সা নিয়ে নয়, ভাতিজার অনুরোধে দরপত্র ফেলিনি।’
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সামছুল ইসলাম বলেন, ‘দরপত্র বিক্রি না করার অভিযোগ সঠিক নয়। ঠিকাদারদের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়ে থাকলেও তা দেখার বিষয় দরপত্র কমিটির নয়।’
নাঈম উদ্দিন মিয়া বলেন, দরপত্র বিক্রি না করার ব্যাপারে কয়েকজন ঠিকাদারের অভিযোগ পেয়ে উপজেলা প্রকৌশলীকে দরপত্র বিক্রি নিশ্চিত করার জন্য বলা হয়েছিল। এরপর আর কেউ এ বিষয়ে অভিযোগ করেননি।