দরপত্র নিয়ন্ত্রণের দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় দরপত্র নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা একটার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার নেওয়াজ মোর্শেদ (৪৪) ও শহরতলির উদিবাড়ি এলাকার হান্নান (৩৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতাধীন দুই কোটি টাকার একটি কাজের উন্মুক্ত দরপত্রের বাক্স গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের (দ্বিতীয় তলা) সামনে রাখা ছিল। বেলা আড়াইটায় বাক্স খোলার কথা ছিল। দুপুর ১২টার দিকে নেওয়াজ ও হান্নানসহ পাঁচ-সাতজন লোক দরপত্র ফেলতে সাধারণ ঠিকাদারদের বাধা দিচ্ছিলেন এবং তাঁদের হুমকি দেন। এ সময় পুলিশ দুজনকে আটক করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়।