দরপত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের ওষুধ সরবরাহের জন্য কয়েক দিন আগে দরপত্র আহ্বান করা হয়। গতকাল দরপত্র কেনার শেষ সময় ছিল। আজ দুপুর ১২টা পর্যন্ত হাসপাতাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আলাদা দুটি বাক্সে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সাংসদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরীর ভাতিজা লোটন চৌধুরীসহ কয়েকজন ঠিকাদার হাসপাতালে দরপত্র জমা দিতে যান। এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামী লীগের আরেকটি পক্ষের সদস্য সাদিকুজ্জামান সুমনের সমর্থক আতিয়ার রহমান সরকার তাঁদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের লোকজন অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে পুলিশের দুই সদস্য আনিসুর রহমান ও বজলুর রহমানসহ মোট পাঁচজন আহত হন। এ সময় একুশে টেলিভিশনের সাংবাদিকের মোটরসাইকেলসহ সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। হাসপাতালের চিকিত্সক আকুল উদ্দীন প্রথম আলোকে বলেন, সংঘর্ষ বাধার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি নিজে পুলিশের সহায়তায় দরপত্র বাক্স নিয়ে ইউএনও কার্যালয়ে দিয়ে আসেন।
দৌলতপুর উপজেলা ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) নাহিদা আক্তার বলেন, হাসপাতালে দরপত্র নিয়ে সমস্যা হতে পারে। এ জন্য তিনি সকাল থেকে হাসপাতালে ছিলেন। দরপত্র বাক্সের কাছে কোনো সমস্যা হয়নি। হাসপাতালের বাইরে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে দরপত্র নিয়ে কোনো ঝামেলা হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্য আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি তিনি অস্বীকার করেন।
যোগাযোগ করা হলে সাংসদ রেজাউল হকের ভাই টোকন চৌধুরী অভিযোগ করে বলেন, সাধারণ ঠিকাদারেরা দরপত্র জমা দিতে গেলে সাদিকুজ্জামান সুমনের লোকজন তাঁদের বাধা ও ধাওয়া দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুমন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবাইদুল ইসলামের সহায়তায় হাসপাতাল চত্বরে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ করেছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, এতে তাঁর পাঁচ কর্মী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সাদিকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য দাবি প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সাংসদের লোকজনই সকাল থেকে দরপত্র বাক্সের কাছে বসে ছিল। তাঁরা কোনো দরপত্র জমা দিতে দিচ্ছিল না। আমি বাড়িতেই ছিলাম। কোনো কিছু জানি না।’ ককটেল ও গুলির বিষয় অস্বীকার করে তিনি বলেন, ‘ভাই যা লেখেন সত্য লিখবেন। থানা পুলিশের কাছেও তথ্য নেবেন।’