দরপত্র নিয়ে ধূম্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কোটি টাকার দরপত্র নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এটা নিয়ে দরপত্রে অংশগ্রহণকারীরা বিভ্রান্তিতে পড়েছেন। তাঁদের মতে, কর্তৃপক্ষ নিজেদের পছন্দের লোককে কাজ দিতে দরপত্র নিয়ে লুকোচুরি করছে।
১০০০ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণকাজটির কোটি টাকার দরপত্র গত ২৭ মে জমাদানের শেষ তারিখ ছিল। ওই দিনই সেটি খোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অনিবার্য কারণের দোহাই দিয়ে তা খোলা হয়নি। খোলা না হওয়ায় সন্দেহ দেখা দিয়েছে।
জানা গেছে, গত ২০ মে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে ১০০০ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২১ থেকে ২৫ মে পর্যন্ত দরপত্র বিক্রি করা হয়। গত মঙ্গলবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। জমা দেওয়ার পর একই দিন বেলা একটার মধ্যে উপস্থিত দরদাতার সামনে দরপত্র খোলা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু না খুলে পরবর্তী সময়ে ফোনে অথবা চিঠির মাধ্যমে দরদাতাদের ডেকে তারপর দরপত্র খোলা হবে বলে জানানো হয়।
অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী প্রকৌশলী আসিফ ইকবাল বলেন, দরপত্রের কিছু নিয়ম রয়েছে। এখানে নিয়মগুলো অনুসরণ করা হয়নি। কথা ছিল সবার সামনে খুলে নাম ঘোষণা করার। কিন্তু তা করা হয়নি। দুই খাম পদ্ধতির টেন্ডারে টেকনিক্যালি যেসব নিয়ম মানা দরকার তা মানা হয়নি।
জানা গেছে, মোট ১০টি প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করেছে। জমা দেওয়ার আগের দিন ফোনে দুই খাম পদ্ধতিতে দরপত্র হবে বলে জানানো হয়। ওই পদ্ধতিতে টেকনিক্যাল বিষয়টি একটি খামে এবং অর্থনৈতিক বিষয়টি অপর খামে দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠান একই খামে দুটি আনায় সেগুলো খুলে দুই বাক্সে ফেলা হয়।
দরপত্রে অংশ নেওয়া পাওয়ার ট্র্যাক নামের প্রতিষ্ঠানের প্রকৌশলী সুমন মজুমদার বলেন, ‘পিডিবি যে ধরনের নিয়ম মেনে চলে সে রকমভাবে দরপত্রপ্রক্রিয়া হয়নি। এ ক্ষেত্রে আরও টেকনিক্যাল লোক থাকলে ভালো হতো। গতকাল খোলার কথা ছিল কিন্তু খোলা হয়নি।’
খোঁজ নিয়ে জানা গেছে, দরপত্র জমাদানের সময় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা হিসেবে পুলিশও উপস্থিত ছিল। তার পরও দরপত্র খোলা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক দরদাতা বলেন, ‘নিজেদের পছন্দের কাউকে কাজটি দেওয়ার জন্য সবার সামনে দরপত্রটি খোলা হয়নি।’
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দরপত্র কমিটির সদস্য রেজাউল করিম আজাদ বলেন, ‘ওটা কেন খোলা হয়নি, সেটা আমি জানি না। আমার জানামতে টেকনিক্যাল খামটি খুলে একটি তালিকা তৈরি করা হবে। পরে অর্থনৈতিক খামটি খোলা হবে। তবে বিষয়গুলো আমরা কম বুঝি। এটার জন্য আমরা কয়েকজন দরপত্র বিশেষজ্ঞকে ডেকেছিলাম।’