দরপত্র নিয়ে বিরোধ, আ.লীগ নেতাকে যুবলীগের পিটুনি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাধা উপেক্ষা করে দরপত্র জমা দেওয়ায় স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা খোকন চন্দ্র সরকার নামের এক ঠিকাদারকে মারধর করেছেন। খোকন রানীশংকৈল পৌর আওয়ামী লীগের সদস্য। পরে যুবলীগের এক কর্মী খোকনের বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলাও করেছেন।জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত মাসে লেহেম্বা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দরপত্র আহ্বান করে। গত সোমবার দরপত্র জমাদানের শেষ দিনে দরপত্র জমা দিতে আসা ঠিকাদারদের বাধা দেওয়ার জন্য এলজিইডি অফিসে উপজেলা যুবলীগের সহসভাপতি মামুনুর রশীদের নেতৃত্বে যুবলীগের কর্মী রফিকুল ইসলাম, আলাউদ্দিন, বাদল ও বারীসহ ২৫-৩০ যুবক পাহারা বসান। এ সময় খোকন চন্দ্র সরকার ওই যুবকদের বাধা উপেক্ষা করে ইউএনও এবং পুলিশের সহযোগিতায় দুপুর ১২টায় দরপত্র জমা দেন। খোকন দরপত্র জমা দিয়ে বেরিয়ে এলে পাহারায় থাকা যুবকেরা তাঁকে ধাওয়া করে উপজেলা পরিষদ চত্বরের বাইরে কাঠ ও লাঠি দিয়ে মারধর করে। এতে খোকন মাথায় ও পায়ে আঘাত পান। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। এ ঘটনায় খোকন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা যুবলীগের সহসভাপতি মামুনুর রশীদ বলেন, ‘আমরা দরপত্র জমাদানে কাউকে বাধা দিইনি বা খোকনকে মারধর করিনি। খোকন ছিনতাই করতে এসে ধরা পড়ে মার খেয়েছে।’যুবলীগের কর্মী রফিকুল ইসলাম বলেন, ‘খোকন আমার ৬০ হাজার টাকা ও মোবাইল ফোনসেট ছিনতাই করায় তাঁকে মারধর করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় তিনি খোকনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান।পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, খোকন প্রকৃত ঠিকাদার। দরপত্র জমাদানে বাধা দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতে তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের সাজানো মামলা দেওয়া হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী পরীক্ষিত চন্দ্র রায় বলেন, ‘দরপত্র জমা দেওয়ার সময় ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’ রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছার আলী জানান, ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। সে সময় ঠিকাদার খোকন চন্দ্র সরকারকে মারধর করা হয়। খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।