দরপত্র নিয়ে ভোলায় ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চত্বরে গত বুধবার সকালে দরপত্রের ভাগবাটোয়ারা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় ছাত্রলীগের কর্মী শাকিলের মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের অন্য পক্ষের কর্মীরা।জানা যায়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের জন্য ভোলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১৯টি গ্রুপের ৫৫ লাখ টাকার দরপত্র তফসিল আহ্বান করে। বুধবার সকাল নয়টা থেকে মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে তফসিল বিক্রি শুরু হয়। কাজগুলো ভাগাভাগি করে নিতে আলীনগর ও কালীনাথ রায়েরবাজার ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েক দিন ধরে ভোলার বিভিন্ন স্থানে বৈঠক করেন। কিন্তু সমঝোতা হয়নি।সকালে ছাত্রলীগের কর্মী মুন্না তফসিল কিনলে আলীনগর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে বকাঝকা করেন। একপর্যায়ে কালীনাথ রায়েরবাজার পক্ষের ছাত্রলীগের কর্মী শাকিলকে মারধর করে মাথা ফাটিয়ে দেন আলীনগর পক্ষের ছাত্রলীগের কর্মীরা। এ নিয়ে বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ সময় কালীনাথ রায়েরবাজার পক্ষের ছাত্রলীগের কর্মী জনিকে আটক করে। বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।ভোলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি ও আলীনগরের ইউনুস রাশেদ বলেন, কালীনাথ বাজারের আবদুর রাজ্জাক তাঁদের দরপত্র তফসিল কিনতে বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটি হয়েছে।কালীনাথ বাজার পক্ষের ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা বড়দের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাদের বকাঝকা করা হয়েছে। এটা টেন্ডারবাজি বা গ্রুপিংয়ের কোনো বিষয় নয়।’ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান শেখ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।