দরপত্র নিয়ে মোরেলগঞ্জ পৌর মেয়র লাঞ্ছিত
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার মেয়র ও দুই কাউন্সিলরকে লাঞ্ছিত করে পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রায় ২৬ লাখ টাকার দুটি দরপত্র নিয়ে পৌরসভার অপর দুই কাউন্সিলর গত বুধবার এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মোরেলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হক তালুকদার অভিযোগ করেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক এইচ এম ছাবুল আক্তার এবং ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন তালুকদার প্রায় দুই মাস ধরে সানকিভাঙা ও বারুইখালী এলাকার প্রায় ২৬ লাখ টাকার দুটি রাস্তার ঠিকাদারি কাজ অবৈধভাবে করার জন্য তাঁর কাছে দাবি জানিয়ে আসছিলেন। এ কাজ না দেওয়ায় বুধবার দুপুরে ছাবুল ও জালালের নেতৃত্বে ২০-২৫ জন তাঁর কার্যালয়ে ঢুকে তাঁর ওপর হামলা চালায় এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।পৌর মেয়র মনিরুল হক আরও অভিযোগ করেন, ওই সময় হামলাকারীরা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মান্নান কাজী ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রোকেয়া বেগমসহ পৌরসভার কয়েকজন কর্মচারীকেও লাঞ্ছিত করে। একপর্যায়ে তারা সবাইকে বের করে দিয়ে পৌর ভবনে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আসার পর পৌর কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়।মোরেলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এইচ এম ছাবুল আক্তার মেয়র ও কাউন্সিলরদের লাঞ্ছিত করার এবং পৌর ভবনে তালা লাগানোর কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘টেন্ডার নিয়ে কোনো ঘটনা ঘটেনি। বেশ কিছু দিন ধরে পৌর মেয়র কার্যালয়ে না থাকায় প্যানেল মেয়রকে নিয়ে কাউন্সিলররা পৌরসভার অনুকূলে বরাদ্দ দেওয়া ২৮ টন গম কুড়িটি বিদ্যালয়ে বিতরণ করে। মেয়র বুধবার কার্যালয়ে এসে গম বিতরণের ঘটনায় তিনিসহ ছয়জন কাউন্সিলরকে গালিগালাজ করতে থাকেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে মেয়র নিজেই ঘটনাস্থল ত্যাগ করেন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, পৌর ভবনে বুধবার দুপুরে মেয়র ও কাউন্সিলরদের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ওই দিনই মেয়র থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।