দরপত্র-প্রক্রিয়া শুরু হতে না হতে রাস্তা পাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা-হাবাসপুর রাস্তাটি পাকা করতে জেলা পরিষদ বরাদ্দ করেছে প্রায় ১০ লাখ টাকা, শুরু হয়েছে দরপত্র-প্রক্রিয়া। কিন্তু ইতিমধ্যে রাস্তাটি পাকা করে ফেলেছেন ঠিকাদার হাসানুজ্জামান। তিনি সরকারদলীয় স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের ভাই মসিউল আজম খানের ব্যবসায়িক অংশীদার।জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছে, রাস্তাটি পাকা হওয়ার বিষয়টি তাদের জানা নেই। পাকা করার জন্য দরপত্র-প্রক্রিয়া শুরু করা হয়েছে মাত্র। যেহেতু রাস্তাটি পাকা হওয়ার খবর তাদের জানা নেই, সেহেতু নির্মাণকাজের সময় তদারকির প্রশ্নই ওঠেনি। ঠিকাদার তাঁর নিজের ইচ্ছায় কাজ করেছেন, এখন মাত্র এক মাসের মধ্যে খোয়া উঠে রাস্তায় গর্ত তৈরি হয়েছে।জেলা পরিষদের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মহেশপুর-যাদবপুর সড়কের জাগুসা নামক স্থান থেকে হাবাসপুর বাজার পর্যন্ত এই রাস্তা চলে গেছে। এটি জেলা পরিষদের আওতাধীন একটি রাস্তা। প্রায় দুই হাজার ৪০০ মিটার দূরত্বের এই রাস্তাটির শেষ প্রান্তের ৮০০ মিটার ইতিমধ্যে পাকা করা হয়েছে। বাকি এক হাজার ৬০০ মিটার কাঁচা রাস্তা রয়েছে, সেটিও ইট বিছিয়ে পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৮ অক্টোবর জেলা পরিষদের এক সভায় রাস্তাটি পাকা করতে নয় লাখ ২৯ হাজার ৬৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, ইট বিছিয়ে রাস্তাটি করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়ার পর তাঁরা জানতে পেরেছেন খোয়া দ্বারা রাস্তাটির পাকা করার কাজ শেষ হয়ে গেছে। কাজ হবে খবর পেয়ে ঠিকাদার তাঁর নিজের ইচ্ছায় কাজটি করে ফেলেছেন। এখন প্রভাব খাটিয়ে দরপত্র নিয়ন্ত্রণ করে বিল তুলে নেবেন। তিনি আরও জানান, যেনতেনভাবে রাস্তাটি করায় ইতিমধ্যে ভাঙা শুরু হয়ে গেছে। সরেজমিনে জাগুসা-হাবাসপুর রাস্তায় গেলে কথা হয় একাধিক গ্রামবাসীর সঙ্গে। তাঁরা কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি নন। তবে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, রাস্তাটির কাজ করেছেন স্থানীয় সাংসদ শফিকুল আজম খানের ভাই মসিউল আজম খান। দেখাশোনা করতেন হাসানুজ্জামান। নিম্নমানের মালামাল দিয়ে কাজ করার সময় তাঁরা বাধা দিতে গেলে সাংসদের ভয় দেখিয়ে কাজ করা হয়েছে। হাসানুজ্জামান গ্রামবাসীকে বলেছেন, ‘সাংসদের ভাইয়ের কাজ, তোমরা পারলে তাঁর সঙ্গে গিয়ে কথা বলো। তিনি আমাকে যেভাবে করতে বলেছেন, আমি সেভাবেই করছি।’ গ্রামবাসী আরও জানান, তাঁরা ভালো করে কাজ করার কথা বললে ঠিকাদার তাঁদের বলেছেন, ‘বাকিতে কাজ করে দিচ্ছেন। এর চেয়ে ভালো করা সম্ভব নয়। রাস্তা থেকে কাদা দূর হচ্ছে, এটাই তোমাদের জন্য মঙ্গল।’ হাবাসপুর গ্রামের হজরত আলী জানান, তাঁরা ভয়ে নিম্নমানের কাজের প্রতিবাদ করার সাহস পাননি।এ ব্যাপারে ঠিকাদার হাসানুজ্জামান বলেন, কাদার কারণে রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করতে পারছিল না। যে কারণে রাস্তাটি পাকা করে দেওয়া হয়েছে। সাংসদের ভাই তাঁর ব্যবসায়িক অংশীদার। তাঁরা এক প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারি কাজ করেন। এই কাজটিও ওই প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে। তিনি আরও বলেন, কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করলে তাঁরা অংশগ্রহণ করবেন। কাজটি অন্য কেউ পেলে তার কাছ থেকে ক্রয় করবেন। এভাবে তাঁরা সমন্বয় করবেন। বিষয়টি নিয়ে মসিউল আজম খানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নিজেকে মসিউল আজম খান নন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান বলেন, এই রাস্তাটি তাঁরা পাকা করেননি। কে বা কারা পাকা করেছেন এটা তাঁদের জানা নেই। তবে পাকা করার জন্য তাঁরা প্রক্রিয়া শুরু করেছেন।ইতিপূর্বে মহেশপুরে উপজেলার কানাইডাঙ্গা-ফতেপুর রাস্তাটি দরপত্র আহ্বানের আগেই পাকা করার কাজ শুরু করেছিলেন সাংসদ শফিকুল আজম খানের ভাইয়ের শ্যালক সাহাবুদ্দিন স্বপন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে কাজটি বন্ধ রাখা হয়। তবে দরপত্র-প্রক্রিয়া এখনো চলমান। গত ১৭ নভেম্বর ঠিকাদারেরা দরপত্র দাখিল করেছেন, এখনো ঠিকাদার নির্বাচন করা হয়নি।