দরপত্র প্রত্যাহারে ঠিকাদারকে আ.লীগের নেতার হুমকি!
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন সড়ক নির্মাণকাজের দরপত্র প্রত্যাহারের জন্য এক ঠিকাদারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ঠিকাদার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।মেসার্স সোহাগ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল বারেক এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সাটুরিয়া উপজেলার রাইল্যা বেইলি সেতু থেকে রাইল্যাবাজার মাহাতাব উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে একটি সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি তিনি ওই কাজের দরপত্র জমা দেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।আবদুল বারেকের অভিযোগ, গত সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা ইসরাফিল ৩০-৪০ জন লোক নিয়ে মানিকগঞ্জ স্টেডিয়াম মোড় এলাকায় তাঁকে আটক করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে হুমকির মুখে তিনি তাঁদের সঙ্গে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যান। তিনি ওই সড়কের কাজ করবেন না—নির্বাহী প্রকৌশলী ইসমত কিবরিয়ার কক্ষে গিয়ে মৌখিকভাবে তাঁকে এ কথা বলতে বাধ্য করা হয়।অভিযোগ অস্বীকার করে ইসরাফিল হোসেন জানান, তিনিও ওই সড়কের নির্মাণকাজের জন্য দরপত্র দাখিল করেছেন। তিনি বলেন, ওই ঠিকাদারকে হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না।এলজিইডির মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইসমত কিবরিয়া বলেন, ‘আবদুল বারেক ও ইসরাফিল হোসেন সোমবার দুপুরে আমার কার্যালয়ে আসেন। বারেক ওই কাজ করবেন না বলে মৌখিকভাবে জানিয়ে যান।’