দরপত্র বাক্স খুলে শিডিউল ফেরত দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ক্ষমতাসীন দলের প্রভাবশালী ঠিকাদারদের বাধার মুখে এক ঠিকাদার এলজিইডির প্রায় চার কোটি টাকার কাজের দরপত্রের শিডিউল জমা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বরগুনা এলজিইডি কার্যালয়ে একজন ঠিকাদারের পক্ষে তাঁর প্রতিনিধিরা শিডিউল জমা দিলে সিলগালা করা দরপত্র বাক্স খুলে তা বের করে ওই ঠিকাদারের প্রতিনিধিদের হাতে ধরিয়ে দেন প্রভাবশালী ঠিকাদার ও তাঁদের সহযোগীরা। পরে সমদরে চারটি শিডিউল জমা দিয়ে দুটি প্যাকেজের ১২টি প্রকল্পের ওই কাজ প্রভাবশালী ঠিকাদারেরা ভাগবাটোয়ারা করেন বলে জানা গেছে।এলজিইডি সূত্রে জানা গেছে, সম্প্রতি বরগুনার বামনা ও বেতাগী উপজেলায় দুটি প্যাকেজে ১২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে জরুরি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র মেরামত প্রকল্প-২০০৭-এর দ্বিতীয় পর্যায়ের দরপত্রের শিডিউল জমাদানের শেষ দিন ছিল সোমবার।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে জ্যোতি এন্টারপ্রাইজের নামে শিডিউল জমা দেওয়ার পর ক্ষমতাসীন দলের ওই ঠিকাদারেরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা এলজিইডির এক কর্মকর্তাকে বাধ্য করেন সিলগালা করা দরপত্র বাক্স খুলে জ্যোতি এন্টারপ্রাইজের নামে জমা দেওয়া শিডিউলটি বের করে আনতে। আবেদনপত্রটি বাক্স থেকে বের করে এনে জ্যোতি এন্টারপ্রাইজের দুই প্রতিনিধির হাতে ধরিয়ে দেওয়া হয়।ঠিকাদারিপ্রতিষ্ঠান জ্যোতি এন্টারপ্রাইজের মালিক তপন হাওলাদার অভিযোগ করেন, শিডিউল জমা দেওয়ার জন্য তাঁর ছোট ভাই অশোক হাওলাদার ও প্রতিষ্ঠানের প্রকৌশলী গোলাম মোস্তফা এলজিইডির কার্যালয়ে যান। সেখানে দরপত্র বাক্সে শিডিউল জমাও দেন তাঁরা। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন ঠিকাদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবিরসহ বেশ কয়েকজন প্রভাবশালী ঠিকাদার। তাঁরা অশোক ও গোলাম মোস্তফাকে হুমকি-ধমকি দেন এবং মারধর করতে উদ্যত হন। পরে বরগুনা-২ আসনের সাংসদের ছোট ভাই গোলাম নাসির মুঠোফোনে তাঁকে (তপন) হুমকি দেন, ‘দরপত্র প্রত্যাহার না করলে হাত-পা ভেঙে দেব।’হুমকি দেওয়ার কথা অস্বীকার করে গতকাল গোলাম নাসির বলেন, ‘আমি ঠিকাদারি করি না, তাই ভাগবাটোয়ারা করার প্রশ্নই ওঠে না। ওই লোকের (তপন) সঙ্গে আমার ফোনে কোনো কথাই হয়নি। হুমকি দেওয়ার বিষয়টি সত্য নয়।’গতকাল বরগুনা এলজিইডিতে খোঁজ নিয়ে জানা গেছে, এই কাজের অনুকূলে ১৯টি শিডিউল বিক্রি হলেও সোমবার জমা পড়েছে মাত্র চারটি। সেগুলো জমা দেওয়া হয়েছে সমদরে। বাকি শিডিউল জমা না দিয়ে সমঝোতার মাধ্যমে প্রভাবশালী চার-পাঁচজন ঠিকাদার সমদরে ভাগবাটোয়ারা করে কাজ নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন।এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার বলেন, ‘আমরা শিডিউল কিনেছিলাম। কিন্তু সমঝোতা হওয়ায় জমা দিইনি। প্রভাবশালী ঠিকাদারেরা কাজ ভাগবাটোয়ারা করছেন। আমরা সেখানে লড়াই করে কিছু করতে পারব না। সমঝোতার মাধ্যমে এক-দেড় লাখ টাকা পেলে মন্দ কি।’অভিযোগ অস্বীকার করে গতকাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ঠিকাদার হুমায়ুন কবির বলেন, ‘আমরা ভালো কাজ করতে চাই বলে একটু সমঝোতা চেয়েছি। এতে কেউ এককভাবে লাভবান হবে না। তবে যা করেছি সবাইকে খুশি করেই করেছি।’ তিনি আরও বলেন, ‘৪০-৪২ শতাংশ নিম্নদরে কাজ নিলে কাজের মান খারাপ হবে, এটাই স্বাভাবিক। কাজের মান ভালো করতে চাই বলে সমদরে কাজ নিয়েছি।’এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন বলেন, ‘দরপত্র বাক্স খুলে ফরম বের করার ঘটনা আমার জানা নেই এবং কেউ এ বিষয়ে অভিযোগও করেনি। তবে বিষয়টি সমঝোতার মাধ্যমে হচ্ছে, সেটা আঁচ করতে পারছি। কিন্তু সেটা হলেও হয়েছে আমার অফিসের বাইরে। যদি এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, অবশ্যই তা খতিয়ে দেখব।’