ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দোতলায় ওঠার সিঁড়ি ও দরপত্র বাক্সের আশপাশ গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আগলে রেখেছিলেন একদল যুবক। উপজেলার ৮২টি জলমহাল ইজারা তাঁদের পছন্দের লোকজনকে পাইয়ে দিতেই এ আয়োজন!
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলা ১৪২৩ থেকে ১৪২৫ সন পর্যন্ত ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৮২টি জলমহাল মৎস্যজীবীর নিবন্ধন করা সংগঠন ও সমিতির লোকজনের কাছে ইজারা দিতে ৫ এপ্রিল দরপত্র আহ্বান করে উপজেলা প্রশাসন। ১১ এপ্রিল দরপত্র কেনার শেষ দিন ছিল। সেদিন পর্যন্ত ৩১২টি দরপত্র বিক্রি হয়। আর মঙ্গলবার জমা দেওয়ার শেষ দিনে বাক্সে জমা পড়ে মাত্র ৩৩টি দরপত্র। বাক্সে দরপত্র জমা না পড়া প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এক মৎস্যজীবী বলেন, ‘টেন্ডার বাক্স পাহারা থাকার কারণে তাঁরা দরপত্র কেনার পরও বাক্সে ফেলতে পারেননি।’
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইউএনও কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের দোতলার সিঁড়ির পাশে বসে আছেন সাত থেকে আটজন যুবক। ইউএনওর কার্যালয়ের দরজার পাশের বারান্দায় রাখা একটি দরপত্র বাক্স। বাক্সের ওপর পা তুলে বসে আছেন এক যুবক। আশপাশের কক্ষের সামনে আরও জনা চারেক যুবক দাঁড়িয়ে আছেন।
সে সময় ইউএনও কার্যালয়ের সামনে কয়েকজন যুবককে বসে থাকতে দেখে এই প্রতিবেদক তাঁদের কাছে জানতে চান, আপনারা এখানে কী করছেন? জবাবে তাঁদের মধ্যে এক যুবক বলেন, ‘বড় ভাইরা আসতে বলেছেন বলে এসেছি। তাই সকাল থেকে বসে আছি।’ তবে বড় ভাইদের পরিচয় জানাতে অস্বীকার করেন তাঁরা।
বিষয়টি সম্পর্কে ইউএনও খন্দকার মো. নাহিদ হাসানের কাছে জানতে চাইলে তিনি এক ব্যক্তিকে ডেকে পাঠান। পরে তাঁকে ইউএনও বলেন, ‘আপনারা দেখছি আমাকে আর চাকরি করতে দেবেন না। আপনার দলের ছেলেরা আমার অফিসের সামনে টেন্ডার বাক্সের ওপর বসে থাকলে আমার চাকরি থাকে কী করে? ওদের এখান থেকে চলে যেতে বলেন।’ পরে ওই ব্যক্তি ইউএনওর কার্যালয় থেকে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। এসেই বলতে লাগলেন, ‘ছেলেপেলেদের অফিস এলাকা ছেড়ে চলে যেতে বলেছি।’ পরে ওই ব্যক্তি নিজেকে জাকারিয়া হাবিব ওরফে ডন পরিচয় দিয়ে বলেন, ‘আমি রানীশংকৈল উপজেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সভাপতি। টেন্ডার নিয়ে যাতে অফিসে কোনো ঝামেলা না হয়, এটা দেখার কাজটা আমি করছি।’ এ সময় ইউএনও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে ফোন করে পুলিশ পাঠাতে বলে ওই যুবকদের কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেন।
উপজেলা পরিষদের সামনে গিয়ে দেখা যায়, একটি করাতকলের সামনে শতাধিক মানুষের জটলা। জটলার মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু শাহীন, সহসভাপতি মামুনুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহরীয়ার আজম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেনসহ সরকারদলীয় আরও অনেক নেতা-কর্মী। সেখানে জলমহালের ইজারাপ্রত্যাশীদের নিজেদের মধ্যে একধরনের নিলাম চলছে। সরকারদলীয় নেতা-কর্মীরাই ওই নিলাম ডাকের আয়োজক। আয়োজকেরা জলমহালের ক্রমিক নম্বর ধরে ডাকছেন, আর ইজারাপ্রত্যাশীরা একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছেন। সেই জলমহালের ইজারাপ্রত্যাশী একাধিক হলে তাঁদের মধ্যে নিলাম ডাকের ব্যবস্থা করা হচ্ছে। এভাবে যে ব্যক্তি জলমহালের বিপরীতে নিলাম ডাকে জয়ী হচ্ছেন, তিনি ঘোষণার টাকা জমা করছেন আয়োজকের কাছে। বেলা দেড়টার দিকে নিলাম শেষ হলে তাঁরা একসঙ্গে বাক্সে দরপত্র ফেলেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু শাহীন বলেন, জলমহাল ইজারায় যাতে কোনো গন্ডগোল না হয়, সে জন্য তাঁরা এ ব্যবস্থা করেছেন। এটা তেমন কিছু না।
পরে ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান বলেন, ‘দরপত্র জমা দেওয়ার দিন কার্যালয়ের আশপাশে যুবকদের আনাগোনা বেশি থাকে। দপ্তরের কাজের ঝামেলা থাকায় দরপত্র কার্যক্রমের দিকে খুব একটা খেয়াল রাখতে পারিনি।’