চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বেসরকারি অপারেটর নিয়োগের দরপত্র বাতিলের আদেশের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা উল হকের সমম্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।দরপত্র-প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল উচ্চ আদালত এ আদেশ দেন। সাইফ পাওয়ারটেকের পক্ষে এই মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। তাঁকে সহায়তা করেন মোহাম্মদ সাইফুল্লাহ। আইনজীবী মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের (সিপিটিইউ) গঠন করা রিভিউ প্যানেল-৩-এর দেওয়া আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত। ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের গঠন করা রিভিউ প্যানেল-৩ এক আদেশে এনসিটির বেসরকারি অপারেটর নিয়োগের চলমান দরপত্র বাতিলের নির্দেশ দেয়। আদেশে দ্বিতীয়বার প্রাক্-যোগ্যতার দলিল সংশোধন করে বাছাই করা সাইফ পাওয়ারটেক লিমিটেডসহ দুটি প্রতিষ্ঠানের তালিকা বাতিল করার নির্দেশ দেওয়া হয়।