দরপত্র বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে অবস্থিত বিসিআইসির বাফার সার গুদামে শ্রমিকেরা ধর্মঘট পালন করেছেন। এতে ওই গুদাম থেকে সার সরবরাহ বন্ধ রয়েছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, বাফার গুদামের প্রধান প্রবেশপথ ভেতর থেকে তালা দেওয়া। গুদামে কাজ না করে শ্রমিকেরা ফটকের বাইরে বসে আছেন।
ধর্মঘটি শ্রমিক ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১৯ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মহেন্দ্রনগর আপৎকালীন মজুতের (বাফার) গুদামের সার ওঠানো-নামানোর দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ২০ আগস্ট এ দরপত্র বাক্স খোলা হয়। ২০১৩-১৪ অর্থবছরের ঠিকাদার মেসার্স গোলাম রব্বানী ফরহাদসহ সাতজন দরপত্র জমা দেন। গোলাম রব্বানী প্রতি মেট্রিক টন সার ওঠানো-নামানোর দর সর্বনিম্ন ৫ দশমিক ৪৫ টাকা প্রস্তাব করেন। অথচ গত বছর তিনি ১৭ দশমিক ৫০ টাকা দরে কাজটি পেয়েছিলেন।
কর্তৃপক্ষ সর্বনিম্ন দরদাতা হিসেবে গোলাম রব্বানীকে চলতি অর্থবছরের মহেন্দ্রনগর বাফার গুদামের সার ওঠানো-নামানোর কার্যাদেশ দিতে যাচ্ছে—এমন খবরে গুদামের তালিকাভুক্ত শ্রমিকেরা গতকাল সকাল থেকে দরপত্র বাতিলের দাবিতে ধর্মঘট শুরু করেন।
এ ব্যাপারে শ্রমিক সর্দার জাহাঙ্গীর আলম বলেন, ‘কাজ পাওয়ার জন্য গোলাম রব্বানী অযৌক্তিকভাবে গত বছরের চেয়ে অনেক কম দর দিয়েছেন বলে আমরা ধর্মঘট করছি। ৫০ কেজির ২০টি বস্তা ওঠানো বা নামানোর জন্য আশপাশের জেলায় যেখানে ২৩ থেকে ২৫ টাকা নেওয়া হচ্ছে, সেখানে ৫ দশমিক ৪৫ টাকায় কীভাবে শ্রমিকেরা কাজ করবেন, তা বুঝে পাই না।’
গত বছরের চেয়ে কম দর প্রস্তাবের বিষযটি স্বীকার করে ঠিকাদার গোলাম রব্বানী বলেন, ‘শ্রমিকদের যাতে পোষায়, সে জন্য আমি আর্থিকভাবে কিছু লোকসান দিতে রাজি আছি।’
মহেন্দ্রনগর বাফার গুদামের ব্যবস্থাপক আবদুল গণি বলেন, ‘শ্রমিক ধর্মঘট আমাদের কারণে শুরু হয়নি। ঠিকাদারদের কাজ পাওয়ার প্রতিযোগিতায় কার চেয়ে কে কত কম দর দিতে পারেন—এমন মানসিকতার জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। শ্রমিক ও কৃষকসহ সার ডিলারদের স্বার্থ রক্ষা করে কীভাবে সমস্যাটি সমাধান করা যায়, তা নিয়ে ভাবা হচ্ছে।’
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাফায়েত হোসেন বলেন, ‘দ্রুত শ্রমিক ধর্মঘট সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে কোনো কারণে এ ধর্মঘট দীর্ঘায়িত হলে তা চলতি আমন মৌসুমের সার সরবরাহের কাজে সমস্যা সৃষ্টি করবে।’
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘মজুরি সমস্যা নিয়ে শ্রমিকেরা ধর্মঘট করলেও তা কৃষকদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই প্রশাসন প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় সার সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেবে। তবে ওই গুদামের তালিকাভুক্ত শ্রমিকদের যাতে অন্যায়ভাবে ক্ষতির শিকার হতে না হয়, সেদিকেও লক্ষ রাখা হবে।’