লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার দরপত্রে অনিয়মের অভিযোগে দরপত্র বাতিলের দাবিতে গতকাল রোববার দুপুরে ঠিকাদারেরা সংবাদ সম্মেলন করেছেন। একই দাবিতে বিকেলে স্থানীয় পৌর চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
উপজেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স ফুল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী তারেকুজ্জামান। সংবাদ সম্মেলনে বলা হয়, পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি টাকার ১০টি কাজের দরপত্র আহ্বান করা হয়। পৌর মেয়র শমসের আলী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিম্ন দরদাতাদের কার্যাদেশ না দিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাদের এলাহী, বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সদস্য আসাদুল ইসলাম ও জামায়াত নেতা শামছুল আলমকে কাজ ভাগ করে দেন। তাই তাঁরা (সংবাদ সম্মেলন অংশ নেওয়া ঠিকাদার) দরপত্র বাতিলের দাবি জানাচ্ছেন।
এদিকে বিকেলে চৌরঙ্গী মোড়ে অবৈধ টেন্ডারবাজি বন্ধ ও পৌরসভার দরপত্র বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশও হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী হায়দার, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকতারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মীর রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি দেবাশীষ কুমার রায়, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ প্রমুখ।
এ ব্যাপারে জানতে পৌর মেয়র শমসের আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।