দরপত্র বিক্রি না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের একজন কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে দরপত্র বিক্রি না করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ঠিকাদারেরা গতকাল রোববার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করে পুনরায় দরপত্রের আহ্বান জানিয়েছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নয়টি নির্মাণ ও সংস্কারকাজের জন্য গতকাল পাঁচ ঠিকাদার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র আনতে যান। কিন্তু উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক নজরুল ইসলাম ও অফিস সহকারী সিরাজুল ইসলাম দরপত্র বিক্রি করতে অস্বীকৃতি জানান।ঠিকাদারেরা অভিযোগ করেন, একটা স্বার্থান্বেষী মহল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কিছু অসৎ লোকের মাধ্যমে দরপত্র বিক্রি বন্ধ করে দিয়েছেন। দরপত্র তোলার সময়সীমা গতকাল শেষ হয়ে যাওয়ায় তাঁরা পুনরায় দরপত্রের আহ্বান জানিয়েছেন। কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের ডেকে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক নজরুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।