দরপত্র বিক্রিতে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের নালা ও ফুটপাত তৈরির চার কোটি টাকার কাজের দরপত্র বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
ঠিকাদারেরা বলছেন, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য দরপত্র আহ্বানের ২৬ দিনেও ব্যাংকে দরপত্র পাঠানো হয়নি। অথচ দরপত্র কেনার বাকি আছে আর মাত্র দুদিন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও লাভ হয়নি। তারা বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলুপট্টি এলাকার কল্পনা সিনেমা হল থেকে তালাইমারীর মোড় পর্যন্ত আরসিসি নালা ও ফুটপাত তৈরির জন্য গত ২৯ জুন দুই গ্রুপের কাজের দরপত্র আহ্বান করা হয়। কাল ২৬ জুলাই শিডিউল বিক্রির শেষ দিন এবং ২৭ জুলাই দরপত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে। শিডিউল অগ্রণী ব্যাংকের রাজশাহী নগর শাখা থেকে সরবরাহ করার কথা রয়েছে।
সাধারণ ঠিকাদারদের অভিযোগ, তাঁরা শিডিউল কিনতে গিয়ে প্রতিদিনই ফিরে আসছেন। এ ব্যাপারে সিটি করপোরেশনে যোগাযোগ করা হলে কর্মকর্তারা বলছেন, কালকেই ব্যাংকে পাওয়া যাবে। কিন্তু এভাবে ২৯ দিন পার হয়ে গেলেও ব্যাংকে আর শিডিউল পাওয়া যায়নি। এ অবস্থার মধ্যে ২০ জুলাই সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল আমিনসহ কয়েকজন কাউন্সিলর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে বলা হয়েছে, এর আগে সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের নালার কাজেও এ রকম লোকদেখানো দরপত্র আহ্বান করা হয়েছিল। তখন কাগজপত্রে আনুষ্ঠানিকতা দেখানোর জন্য সবার অগোচরে শুধু চারটি শিডিউল বিক্রি করা হয়েছিল। এবারও একই প্রক্রিয়ায় শিডিউল বিক্রির চেষ্টা চলছে।
ঠিকাদারেরা জানান, ব্যাংকে শিডিউল না পেয়ে সিটি করপোরেশনের বড়বাবু (অফিস সহকারী) ডাবলুর কাছে গেলে তিনি প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলেন। প্রধান প্রকৌশলীর কাছে গেলে তিনি বলেন, ‘কালকেই’ পাবেন। কিন্তু গতকাল রোববার পর্যন্ত ব্যাংকে কোনো শিডিউল পাওয়া যায়নি।
সত্যতা যাচাইয়ের জন্য গতকাল বেলা তিনটার দিকে ঠিকাদার পরিচয়ে ব্যাংকে ফোন করা হলে একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত শিডিউল ব্যাংকে আসেনি। একই পরিচয় দিয়ে সিটি করপোরেশনের বড়বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলতে বলেন। এরপর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যাংকে তো শিডিউল যাওয়ার কথা।’ তিনি এই কাজের প্রকল্প পরিচালক সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাসারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। খাইরুল বাসারকে ফোন করলে এক কর্মচারী ফোন ধরে বলেন, ‘স্যার ভারতে গেছেন।’ অভিযোগের বিষয়ে কথা বলার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন করলে একজন কর্মচারী ফোন ধরে বলেন, ছয় মাস আগে স্যার ওয়াসাতে বদলি হয়ে গেছেন। তাঁর জায়গায় কাউকে দেওয়া হয়নি। সচিব দায়িত্বে রয়েছেন। এ সময় সচিব সৈয়দা জেবিন নিসা সুলতানা বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জানতে চাইলে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম বলেন, এটা সিটি করপোরেশনের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন।