দরপত্র বিক্রিতে ট্যুরিজম বোর্ডের গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনের প্রসার ঘটানোর লক্ষ্যে সম্মেলন আয়োজন এবং সেবা ও পণ্য সরবরাহের জন্য দরপত্র ডেকেও দরপত্র দলিল (শিডিউল) বিক্রি করছে না বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। অভিযোগ উঠেছে, প্রায় পাঁচ কোটি টাকার এই কাজ পছন্দের প্রতিষ্ঠানকে দিতে বিভিন্ন অজুহাত দেখিয়ে দরপত্র দলিল বিক্রি বন্ধ রেখেছে বিটিবি।
বিটিবি সূত্র জানায়, বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যপূর্ণ স্থানে পর্যটনের প্রসার ঘটানোর লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ অক্টোবর ঢাকায় বড় ধরনের একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বিটিবি। এতে জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (ইউএনডব্লিউটিও) মহাসচিব তালেব রিফাইসহ বৌদ্ধ পর্যটন আছে এমন ১২টি দেশের মন্ত্রীরা অংশ নিতে পারেন।

এই সম্মেলন আয়োজনে তিনটি প্যাকেজে প্রায় পাঁচ কোটি টাকার এই কাজের জন্য বিটিবি গত ১৫ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করে। এরপর দরপত্রে অংশ নিতে আগ্রহী বিভিন্ন প্রতিষ্ঠান দরপত্র কিনতে গেলে কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পর্যটন) নিখিল রঞ্জন রায় গতকাল প্রথম আলোকে বলেন, ছয় দিন আগে দরপত্র আহ্বান করা হলেও কিছু কাজ বাকি ছিল। তাই দরপত্র বিক্রি করা হয়নি। আজ সোমবার থেকে বিক্রি করা হবে।
তবে প্রথম আলোর কাছে কয়েকটি আগ্রহী প্রতিষ্ঠান অভিযোগ করেছে যে প্রথম কয়েক দিন বিটিবি থেকে বলা হয়েছিল, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঢাকায় না থাকায় দরপত্র বিক্রি করা যাচ্ছে না। এরপর সিইও ঢাকায় আসা সত্ত্বেও গতকাল রোববার কোনো দরপত্র বিক্রি করা হয়নি।
এসব প্রতিষ্ঠানের অভিযোগ, অনেক দিন ধরেই বিটিবি একটি প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়ে আসছে। সেই প্রতিষ্ঠানটিকে এ ক্ষেত্রেও সুবিধা দিতে দরপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে।
এ বিষয়ে বিটিবির নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, কিছু কাজ বাকি রেখে তড়িঘড়ি করে দরপত্র আহ্বান করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। পরে কাজ শেষ হলেও সিইও ঢাকায় না থাকায় তাঁর অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়েছে। তাই গত কয়েক দিনে অনেকে এলেও তাদের কাছে দরপত্র বিক্রি করা যায়নি।
নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে দরপত্র অন্যদের কাছে বিক্রি করা হচ্ছে না—এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানটি বিটিবির সঙ্গে তিন বছরের চুক্তিতে আবদ্ধ। তিন বছর বোর্ডের কিছু নির্দিষ্ট কাজ ওই প্রতিষ্ঠানটি করবে।