দরপত্র বিক্রিতে প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারি কাজের দরপত্র বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর দেওয়া বিজ্ঞপ্তিতে দরপত্র কেনার স্থান হিসেবে একাধিক সরকারি দপ্তরের নাম উল্লেখ করা হলেও ঠিকাদারেরা এসব দপ্তরে দরপত্র কিনতে গিয়ে বিমুখ হয়েছেন। দরপত্র কেনা ও কাজ পাওয়ার ক্ষেত্রে সরকারদলীয় লোকজনকে সহযোগিতা করতে তিনি এ কৌশল বেছে নেন বলে ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদের ৬৫ লাখ টাকার দরপত্রের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট অফিসসহ দরপত্র কেনার স্থান হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, গণপূর্ত, এলজিইডি এবং সড়ক ও জনপথ অফিসের নাম উল্লেখ করা হয়। পরে প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত সংশোধনী বিজ্ঞপ্তির মাধ্যমে কেবল জেলা পরিষদ কার্যালয় থেকেই দরপত্র বিক্রি হতে থাকে। জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও সীমানাপ্রাচীর মেরামত এবং নলকূপ স্থাপনের জন্য ৫ এপ্রিল ৬৩ লাখ ৫৩ হাজার টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। সহকারী প্রকৌশলী এ কে এম আজহারুল ইসলাম এতে স্বাক্ষর করেন। আজ বুধবার এই দরপত্র কেনার শেষ দিন। সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেন, দরপত্র আহ্বানের পর সরকারদলীয় প্রভাবশালী একটি মহল কাজ ভাগাভাগি করতে তত্পর হয়ে ওঠে। প্রথম দিন জেলা পরিষদ কার্যালয়ে দরপত্র কিনতে গেলে ঠিকাদারদের নিষেধ করেন ‘টেন্ডারবাজ’ বলে পরিচিত কয়েকজন ব্যক্তি। ঠিকাদারেরা দরপত্র কিনতে জেলা প্রশাসকের কার্যালয়, এলজিইডি, গণপূর্ত এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গেলে বিমুখ হয়ে ফেরেন। এসব কার্যালয়ে ওই দরপত্র বিক্রি হয়নি।ঠিকাদারেরা জেলা পরিষদে ফিরে আসার পর জানতে পারেন, ২০ এপ্রিল টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম স্বাক্ষরিত একটি সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে তা পত্রিকায় প্রকাশ করা হয়নি। জারি করা সংশোধনী বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী কর্মকর্তা উল্লেখ করেন, টাঙ্গাইল জেলা পরিষদের সাতটি প্রকল্পের জন্য যে দরপত্র আহ্বান করা হয়, অনিবার্য কারণে তা কেবল নির্ধারিত তারিখে জেলা পরিষদ কার্যালয় থেকে কেনা ও জমা দেওয়া যাবে। ঠিকাদারেরা এ বিজ্ঞপ্তি হাতে পেয়ে হতভম্ব হয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার অভিযোগ করেন, জেলা পরিষদের দরপত্রের ইতিহাসে এটি একটি নজিরবিহীন অনিয়ম। নাম প্রকাশ না করার শর্তে জেলা পরিষদের একজন কর্মকর্তা জানান, প্রধান নির্বাহী কর্মকর্তার একক সিদ্ধান্তে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অপর একটি সূত্র জানায়, সরকারদলীয় কয়েকজন ঠিকাদারের সঙ্গে বৈঠক করে তাঁদের কাজ পাইয়ে দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ব্যাপারে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ কে এম আজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না। সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রধান নির্বাহী স্যারের স্বাক্ষরিত।’ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সময়স্বল্পতার কারণে সংশোধিত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা সম্ভব হয়নি। প্রকল্পগুলো আমাদের নিজস্ব, তাই অন্য অফিসে দরপত্র বিক্রি করতে ঝামেলা হয়। বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে।’