দরপত্র বিক্রির মধ্যেই শর্ত সংশোধনের নির্দেশ মন্ত্রণালয়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ছয়টি জেটিতে বার্থ অপারেটর নিয়োগের জন্য দরপত্র বিক্রি হচ্ছে। এরই মধ্যে গতকাল রোববার বিকেলে একটি শর্ত সংশোধন করতে বন্দর কর্তৃপক্ষের কাছে দুটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ শর্ত সংশোধনের কারণে ছয়টি প্রতিষ্ঠান ছাড়া অন্যদের দরপত্রে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ৩৫টি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। ১৫ জুলাই পুনঃ দরপত্র বাক্স খোলার কথা রয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটা ৪১ মিনিটে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো ফ্যাক্সবার্তায় সংশোধনীর উল্লেখ করে বলা হয়, দরপত্রে অংশগ্রহণ করতে হলে আগ্রহী প্রতিষ্ঠানের গত সাত বছরের মধ্যে যেকোনো দুই বছরে ২৫ হাজার টিইইউএস কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে) ওঠানো-নামানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবার চারটা ৪৪ মিনিটে পাঠানো ফ্যাক্সবার্তায় বলা হয়, দরপত্রে অংশগ্রহণ করতে হলে আগ্রহী প্রতিষ্ঠানের গত সাত বছরের মধ্যে যেকোনো দুই বছরে ২৫ হাজার টিইইউএস কনটেইনার ওঠানো-নামানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর সেটি হতে হবে চট্টগ্রাম বন্দরে।এর আগে এই দরপত্রে অংশগ্রহণের শর্ত হিসেবে কোনো সময় উল্লেখ না করে মোট ২৫ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং অভিজ্ঞতার কথা বলা হয়েছিল। যোগাযোগ করা হলে বন্দরের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসেন নৌ মন্ত্রণালয়ের ফ্যাক্সবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ সম্পর্কে তিনি কোনো কথা বলতে রাজি হননি।দরপত্রে নতুন শর্ত আরোপের বিষয়টি আঁচ করতে পেরে গত শনিবার বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশন নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে বলেছে, দরপত্রের শর্ত সংশোধন করে কঠিন ও জটিল করায় আইনি জটিলতা তৈরি হতে পারে। এ ছাড়া প্রতিযোগীর সংখ্যা কমে যেতে পারে, যাতে প্রতিযোগিতামূলক দর থেকে বঞ্চিত হতে পারে বন্দর কর্তৃপক্ষ।বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ এইচ এম মনজুর আলম প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে বন্দরে দরপত্র ছাড়াই যে ছয়টি প্রতিষ্ঠান কাজ করেছিল, শর্ত সংশোধনের ফলে এখন কেবল তারাই দরপত্রে অংশ নিতে পারবে। প্রথমবার আহ্বান করা দরপত্রে এ ছয়টি প্রতিষ্ঠান সর্বোচ্চ দর দিয়েছিল। শর্ত সংশোধিত হলে বন্দর কর্তৃপক্ষ প্রতিযোগিতামূলক দর পাবে না।বন্দর সূত্রে জানা গেছে, ৮ জুলাই ছয়টি কনটেইনার ওঠানো-নামানোর জেটিতে পুনঃ দরপত্র আহ্বান করা হয়। ইতিমধ্যে ৩৫টি দরপত্র বিক্রি হয়েছে। দরপত্রের শর্ত সংশোধিত হলে এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টিই দরপত্র জমা দিতে পারবে না।জানা গেছে, এর আগে গত ৩১ মে ছয়টি জেটির দরপত্রে সর্বনিম্ন দরদাতার কাগজপত্রে গরমিল থাকার অভিযোগ তুলে তা বাতিল করা হয়। বাতিল হওয়া ওই দরপত্রে সর্বনিম্ন দরদাতা প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোর জন্য ৭৫ টাকা করে দরপ্রস্তাব করে। দরপত্র ছাড়াই আগে কনটেইনারপ্রতি ৭৩০ টাকা করে বন্দর থেকে আদায় করত বার্থ অপারেটররা।