জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় গতকাল শনিবার দুপুরে প্রায় সাত লাখ টাকার দরপত্র ভাগাভাগিতে বাধা দেওয়ায় লাঞ্ছিত হয়েছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।গতকাল দুপুরে কারখানার প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় ব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবিবুর রহমানের কক্ষে শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ্ আবদুস ছোবাহান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আ. কাদের ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ত্রিফল ক্রয়ের দরপত্র ভাগাভাগির সমঝোতা করতে বসেন। এ সময় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান কক্ষে প্রবেশ করে দরপত্র ভাগভাগির প্রতিবাদ করায় তাঁকে চেয়ার দিয়ে পিটিয়ে লাঞ্ছিত করা হয়। হামলায় নেতৃত্ব দেন আবদুস ছোবাহান।কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও বিএনপি-সমর্থিত শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ্ আবদুস ছোবাহানের নেতৃত্বে কোটি কোটি টাকার দরপত্র ভাগাভাগি হয়ে আসছে। গতকাল এরই ধারাবাহিকতায় ব্যবস্থাপকের (প্রশাসন) কক্ষে দরপত্র ভাগাভাগির প্রতিবাদ করায় সভাপতি ছোবাহান আমার ওপর তাঁর দলবল নিয়ে হামলা করে।’কারখানার বিএনপি-সমর্থিত শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ্ আবদুস ছোবাহান বলেন, ‘আমরা কোনো দরপত্র ভাগাভাগি করিনি এবং সাধারণ সম্পাদকের ওপরে হামলাও করিনি।’কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবিবুর রহমান বলেন, ‘আমার কক্ষে শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আবদুস ছোবাহান তাঁর দলবল নিয়ে সাধারণ সম্পাদকের ওপর হামলা করেছেন।’ তিনি আরও জানান, ‘আমার করার কিছু নেই।’কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব বলেন, ‘জিএম প্রশাসনের কক্ষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে বলে শুনেছি।’তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বশিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।