রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘উত্তরা অ্যাপার্টমেন্ট নির্মাণ’ প্রকল্পের দরপত্রবিষয়ক অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটিকে সাত কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু ওই কমিটি এখনো কাজই শুরু করতে পারেনি। ২১ জানুয়ারি তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করার পর সাত কর্মদিবস শেষ হচ্ছে আজ বুধবার।জানা গেছে, তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটির দুই সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মনিটরিং) কামাল উদ্দিন তালুকদার ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আহসানুল হক খান দেশের বাইরে রয়েছেন। অপর সদস্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খন্দকার সালাহউদ্দিন। তাঁকে গত সোমবার প্রধান প্রকৌশলী পদ থেকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নতুন প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়াকে তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সালাহউদ্দিনকে মন্ত্রণালয়ে বদলি করা হলেও গতকাল পর্যন্ত কোনো পদ দেওয়া হয়নি।গত সোমবার বদলির চিঠি পাওয়ার আগে খন্দকার সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, কমিটির দুই সদস্য দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোনো কাজ করা যায়নি। কবে কাজ শুরু করা যাবে, তিনি বলতে পারবেন না।গতকাল আবার যোগাযোগ করা হলে খন্দকার সালাহউদ্দিন জানান, বদলি হয়ে যাওয়ায় কমিটির বিষয়ে তাঁর আর কোনো দায় নেই।২১ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘উত্তরা অ্যাপার্টমেন্ট নির্মাণ’ প্রকল্পের আওতায় বি-টাইপ (১০৫০) এবং সি-টাইপ (৮৫০) ভবন নির্মাণের লক্ষ্যে দর প্রস্তাব মূলায়নে দরদাতা কর্তৃক উত্থাপিত অভিযোগ পিপিআর-২০০৮-এর বিধি ৫৭(৮) অনুযায়ী বাতিল বা কোনো সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নিমিত্ত বিশেষজ্ঞ মতামত প্রদানের জন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হলো।’উত্তরা অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পের ওই কাজ পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার নির্মাণ প্রতিষ্ঠান ডোঙ্গা এএইচ, দুবাইয়ের নির্মাণ প্রতিষ্ঠান এসকর্ন এবং বাংলাদেশের সিকদার রিয়েল এস্টেট কোম্পানি একসঙ্গে ডোঙ্গা-এসকর্ন-সিকদার যৌথ কোম্পানি নামে দরপত্র জমা দিয়েছিল। এই যৌথ প্রতিষ্ঠানকে সমর্থন দিয়েছিলেন সরকারদলীয় সাংসদ ও রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ বিপু। কিন্তু দরপত্র মূল্যায়ন ও কারিগরি কমিটি ডোঙ্গা-এসকর্ন-সিকদারের জমা দেওয়া দরপত্রে যেসব ত্রুটি খুঁজে পায়, তাতে ওই প্রতিষ্ঠানটি কাজ পাওয়ার যোগ্যতা রাখে না। এ ছাড়া উত্তরার ওই প্রকল্পে ‘এ’ শ্রেণীতে সরকারি দলের সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠানের সঙ্গে ৪০টি ভবন নির্মাণের কাজ পেয়েছিল ডোঙ্গা; গত এক বছরে বাস্তবে ওই কাজের কোনো অগ্রগতি হয়নি। তার পরও ডোঙ্গা-এসকর্ন-সিকদারকে কাজ দেওয়া নিয়ে ২০ জানুয়ারি সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে প্রতিমন্ত্রী ও রাজউকের চেয়ারম্যানের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বিকেলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পরদিন ২১ জানুয়ারি অবশ্য চেয়ারম্যান সাংবাদিকদের জানান, অসুস্থ থাকায় পদত্যাগ করেছেন। পরে তিনি আগামী মার্চ পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ শেষ করার বিষয়ে সম্মত হয়ে কাজে যোগ দেন। ওই দিনই উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের আগের ‘বি’ ও ‘সি’ টাইপ ব্লকের দরপত্র বাতিলের সিদ্ধান্ত হয়। ২২ জানুয়ারি রাজউকের বোর্ড সভায় সিদ্ধান্তের অনুমোদন হয়। এর আগে ২১ জানুয়ারি গণপূর্ত মন্ত্রণালয় বিশেষজ্ঞ কমিটি গঠন করে।