রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজ নিয়ে তুরস্কের কোম্পানি নাটাসকে প্রাক্-যোগ্য করে রিভিউ প্যানেলের আদেশের বিরুদ্ধে বিটিসিএলের করা রিট (রুল ডিসচার্জ) খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে আদালত রুল মঞ্জুর করে নাটাসকে দরপত্রে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অধীন অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের (লট-বি) ২০০ কোটি টাকার কাজ পছন্দের প্রতিষ্ঠানকে দিতে কর্তৃপক্ষ নানা অনিয়মের আশ্রয় নেয়। এ ক্ষেত্রে ক্রয়সংক্রান্ত আইন অনুযায়ী সরকার গঠিত রিভিউ প্যানেলের রায়, বিটিসিএলের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করেছে কর্তৃপক্ষ। এটা করতে গিয়ে বিটিসিএলে এ ধরনের কাজ করার ক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ প্রতিষ্ঠান তুরস্কের নাটাসকে প্রাক্-যোগ্যতা যাচাই পর্যায়েই বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নাটাস রিভিউ প্যানেলে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে রিভিউ প্যানেল গত ৬ মার্চ রায় দেন। তাতে নাটাসকে এই দরপত্রের জন্য প্রাক্-যোগ্য ঘোষণা করে এবং সে অনুযায়ী বিটিসিএলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।রিভিউ প্যানেলের দেওয়া নির্দেশনার বিরুদ্ধে বিটিসিএল হাইকোর্টে রিট আবেদনটি করেছিল। আদালতে নাটাসের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। বিটিসিএলের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও রইস উদ্দিন আহমদ। মতিন খসরু বলেন, দরপত্র প্রক্রিয়া স্বচ্ছ ও সুস্থ প্রতিযোগিতার স্বার্থে আদালত রিভিউ প্যানেল রায় অনুযায়ী নাটাসকে টেন্ডারে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন। রইস উদ্দিন আহমদ বলেন, হাইকোর্টে বিটিসিএল ও নাটাসের পৃথক দুটি রিট ছিল। নাটাসের রিট মঞ্জুর করেছেন।