দরপত্রে নির্মাণসামগ্রীর দাম বাড়ানোর দাবি ঠিকাদারদের

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আহ্বান করা দরপত্রে নির্মাণসামগ্রীর দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটে জেলা ঠিকাদার কল্যাণ সমিতি। আজ রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শ ঠিকাদার অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ করে সরকারের উন্নয়নকাজে ঠিকাদারেরা অবদান রেখে চলেছেন। এই ঠিকাদারি করে তাঁদের জীবিকা নির্বাহ করতে হয়। অথচ সরকারের এই উন্নয়নকাজে এলজিইডি বিভাগ নির্মাণসামগ্রীর যে দাম নির্ধারণ করে দরপত্র আহ্বান করছে, তার সঙ্গে বর্তমান বাজারদর অসংগতিপূর্ণ। বর্তমানে বাজারে নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এই বাজারদরে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে তা বাস্তবায়ন করছে, তাতে তাকে লোকসানের মুখে পড়তে হচ্ছে। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগের বর্তমানে বেঁধে দেওয়া নির্মাণসামগ্রীর দাম বাড়ানোর দাবি জানান ঠিকাদার কল্যাণ সমিতির নেতারা। তাঁদের এই দাবি মেনে না নিলে ভবিষ্যতে এলজিইডির আহ্বান করা দরপত্রে অংশগ্রহণ না নেওয়ার হুমকি দেন ঠিকাদার কল্যাণ সমিতি নেতারা।
ঠিকাদারেরা বলেন, এখন এলজিইডি বিভাগ যে দরপত্রে উন্নয়নকাজ আহ্বান করেছে, তাতে প্রতিটি ইটের দাম ধরেছে ৮ টাকা ৭৫ পয়সা অথচ বর্তমান বাজারদর ১১ টাকা, ইটের খোয়া প্রতি ঘনফুট ৮৪ টাকা অথচ বাজারদর ১০০ টাকা, পাথর চিপস প্রতি ঘনফুট ১২০ টাকা অথচ বাজারদর ১৪৯ টাকা। এ ছাড়া পাথর ডাস্ট, বিটুমিনসহ সব ধরনের নির্মাণসামগ্রীর দামও অস্বাভাবিক হারে বেড়েছে।
তাঁরা আরও অভিযোগ করেন, এলজিইডি বিভাগ নিজ নিজ জেলার দরপত্র আহ্বানের আগে নির্মাণসামগ্রীর বাজারদর যাচাই করে। তারপর তারা দরপত্র আহ্বান করে। উদাহরণ হিসেবে তাঁরা বলেন, পার্শ্ববর্তী গোপালগঞ্জ ও পিরোজপুর জেলায় নির্মাণসামগ্রীর বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে এলজিইডি তাদের দরপত্র আহ্বান করে থাকে। শুধু বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও নড়াইল জেলায় এলজিইডি তাদের নিয়ম মানছে না। স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাই এটা করছেন।
মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক খান আবু বক্কর সিদ্দিক, সদস্যসচিব আবদুর রব সরদার, সাবেক সভাপতি হাবিবুর রহমানসহ সমিতির সদস্যরা।
মানববন্ধন শেষে জেলা ঠিকাদার কল্যাণ সমিতি বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সদস্যসচিব আবদুর রব সরদার।
জেলা ঠিকাদার কল্যাণ সমিতির করা সব অভিযোগ সত্য নয় দাবি করে বাগেরহাট এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবু কামাল দুপুরে এ প্রতিবেদককে বলেন, ‘আমরা যখন উন্নয়নকাজের দরপত্র আহ্বান করি, তখন স্থানীয় বাজারে নির্মাণসামগ্রীর বাজারদর যাচাই-বাছাই করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। তারা যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দিলে তার দরপত্র আমরা বিজ্ঞাপন আকারে প্রকাশ করি। ঠিকাদারেরা তো নির্মাণসামগ্রীর বাজারদর দেখেই তাতে অংশ নেন।’