দরপত্রে ভ্যাট সনদ জাল ফেঁসে গেলেন দুই ভাই
পঞ্চগড়ে গ্রামপুলিশের পোশাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের দরপত্রে জাল ভ্যাট সংযোজন সনদ দাখিল করে ফেঁসে গেলেন পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি ও তাঁর ছোট ভাই। পঞ্চগড় থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার এড়াতে দুই ভাই এখন পলাতক। ওই দুই ব্যক্তি হলেন: পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজি আবদুল আলীম ও তাঁর ছোট ভাই মেসার্স নিউ আলীম ক্লথ স্টোরের স্বত্বাধিকারী মিলন পারভেজ। এর আগেও হাজি আবদুল আলীম গ্রামপুলিশের পোশাক সরবরাহের দরপত্রে ভুয়া পে-অর্ডার দাখিল করলে থানায় মামলা হয়।পুলিশ জানায়, পঞ্চগড় জেলা প্রশাসকের অফিসের স্থানীয় সরকার শাখা থেকে জেলার পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নে কর্মরত গ্রামপুলিশের পোশাক ও অন্যান্য সরঞ্জামের দরপত্র আহ্বান করা হয়। শর্ত অনুযায়ী মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষে হাজি আবদুল আলীম ১৪ লাখ ৮৮ হাজার ৯৯০ টাকা এবং তাঁর ছোট ভাই মিলন পারভেজ মেসার্স নিউ আলীম ক্লথ স্টোরের পক্ষে ১৫ লাখ ১ হাজার ৩৯৫ টাকার দরপত্র দাখিল করেন। দরপত্রের শেষ দিন ছিল ১৪ মার্চ। যাচাই-বাছাই করতে গিয়ে দরপত্র কমিটি ভ্যাট সংযোজন সনদের কোড নম্বর দেখে সন্দেহ করে। এর পরই জেলা প্রশাসকের অফিস থেকে ভ্যাট সংযোজনের সনদ সম্পর্কে আরও নিশ্চিত হতে পঞ্চগড় কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর বিভাগীয় কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তার অফিসে পাঠানো হয়। সেখান থেকে ওই সনদ দুটি জাল বলে মতামত দেওয়া হয়। পরে ৩১ মে পঞ্চগড় জেলা প্রশাসকের অফিসের স্থানীয় সরকার শাখার উচ্চমান সহকারী এনামুল হক বাদী হয়ে পঞ্চগড় থানায় ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিনুল ইসলাম প্রতারণার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিরা পলাতক। তাঁদের মুঠোফোন বন্ধ রয়েছে।